
হুগলি , ২৫ এপ্রিল (হি.স.): দ্বিতীয় দফার নির্বাচনকে সামনে রেখে আরামবাগে প্রশাসনিক তৎপরতা বাড়ল। শনিবার সিইও মনোজ আগরওয়াল আরামবাগ সফরে এসে নির্বাচন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন।
সূত্রের খবর, পল্লীশ্রী সংলগ্ন হেলিপ্যাডে অবতরণ করার পর তিনি সরাসরি একটি স্থানীয় গেস্ট হাউসে যান। সেখানেই প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন।
বৈঠকে আসন্ন নির্বাচনের প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ভোটগ্রহণ প্রক্রিয়া নির্বিঘ্নভাবে সম্পন্ন করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সূত্রের দাবি, সংশ্লিষ্ট আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশও দেওয়া হয়েছে।
নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোনওরকম অশান্তি না হয় এবং শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন করা যায়, সেই বিষয়েই বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানা গেছে।
এই সফরকে ঘিরে আরামবাগের প্রশাসনিক মহলে তৎপরতা লক্ষ্য করা গেছে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA