
কলকাতা, ২৫ এপ্রিল (হি স)। ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম শীর্ষস্থানীয় নেতা এবং সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক গুরু চিত্তরঞ্জন দাসের প্রয়াণের শতবর্ষপূর্তি উপলক্ষে আগামী ৯ ও ১০ মে উত্তরবঙ্গে দুটি পৃথক অনুষ্ঠানে স্মরণ করা হবে দেশবন্ধুকে। প্রথম অনুষ্ঠানটি হবে দার্জিলিংয়ে যেখানে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছিলেন। দ্বিতীয়টি হবে শিলিগুড়ির হাসমি চকে।
১৯২৫-এর ১৬ জুন দেশবন্ধু প্রয়াত হন দার্জিলিংয়ের ‘দি মল’-এ, ‘স্টেপ অ্যাসাইড’ নামে ভবনে। এর শতবর্ষ স্মরণের উদ্বোধনী অনুষ্ঠানটি হয়েছিল কলকাতা হাইকোর্টে ২০২৫-এর ১৬ জুন। বিশিষ্ট কিছু বিচারপতি ও অনেক আইনজীবী তাতে অংশ নেন। অনুষ্ঠানের উদ্বোধন করেছিলেন কলকাতা হাইকোর্টের তৎকালীন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। ‘অল বেঙ্গল দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ডেথ সেন্টেনারি অবজারভেন্স কমিটি’র কার্যনির্বাহী সভাপতি, বিশিষ্ট আইনজীবী পার্থসারথী সেনগুপ্ত এবং কমিটির সম্পাদক তথা অবসরপ্রাপ্ত বিচারক অনন্ত কুমার বর্ধন অতি সম্প্রতি এক প্রেস বিবৃতিতে এ খবর জানিয়ে বলেন, এর পর বিভিন্ন জায়গায় নানা সংগঠন দেশবন্ধুর প্রয়াণের শতবর্ষ স্মরণে শ্রদ্ধা প্রকাশ করেছেন।
আগামী ৯ মে অনুষ্ঠানটি হবে বেলা ১১টা থেকে ২টো। বিশিষ্ট কিছু ব্যক্তি উপস্থিত থাকবেন ওই স্মরণসভায়। ১০ মে-র আয়োজনটি হবে বেলা ১১টায়। ।
প্রসঙ্গত, আইনজীবী হিসেবে সফল হওয়ার পরেও নিজের সম্পদ অকাতরে মানুষের জন্য দান করে ‘দানবীর’ হিসেবে সুপরিচিত ছিলেন
তিনি। তাঁর মৃত্যুর পর মহাত্মা গান্ধী গভীর শোক প্রকাশ করেন। ১৮ জুন শিয়ালদহ স্টেশনে তাঁর নশ্বর দেহ গ্রহণ করে গান্ধীজী কেওড়াতলা মহাশ্মশানে নিয়ে যান।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত