
তারকেশ্বর ,২৫ এপ্রিল (হি.স.): হুগলির তারকেশ্বর বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারে এলেন দলের তারকা সাংসদ দেব। শনিবার তৃণমূল প্রার্থী রামেন্দু সিংহ রায়ের সমর্থনে রোড শো করেন তিনি।
দলীয় সূত্রে জানা গেছে, তারকেশ্বর শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে এই রোড শো অনুষ্ঠিত হয়। রাস্তার দুই ধারে ভিড় জমায় অসংখ্য সাধারণ মানুষ ও দলের কর্মী-সমর্থকরা। খোলা গাড়িতে দাঁড়িয়ে দেব হাত নেড়ে সকলকে অভিবাদন জানান এবং তৃণমূল প্রার্থীকে জয়ী করার আহ্বান জানান।
প্রচার চলাকালীন তিনি রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরে দাবি করেন, তৃণমূল সরকার মানুষের পাশে থেকে কাজ করে চলেছে। পাশাপাশি বিজেপিকে কটাক্ষ করে বলেন, বাইরের নেতাদের এনে প্রচার চালালেও বাংলার মানুষ তৃণমূলের উপরেই আস্থা রাখবে।
রোড শো ঘিরে তারকেশ্বরে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। তৃণমূল নেতৃত্বের দাবি, সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করছে যে এই কেন্দ্রে তাদের সংগঠন যথেষ্ট শক্তিশালী।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA