
কলকাতা, ২৫ এপ্রিল (হি.স.): সকাল থেকেই চড়া রোদ, আর দুপুরে তীব্রতা আরও বেশি। গরমে হাঁসফাঁস করছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। শনিবার দুপুরে অসহ্য ভ্যাপসা গরমে অনুভূত হয়েছে গোটা দক্ষিণবঙ্গজুড়েই। এই প্যাচপেচে গরম থেকে স্বস্তি কবে মিলবে, আপাতত সেই প্রতীক্ষায় সবাই।
এই গরমের মধ্যে স্বস্তির বিষয় হল, দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্ত ভাবে কালবৈশাখীর সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। তবে পশ্চিমের কয়েক জেলায় গরম এবং অস্বস্তিকর আবহাওয়ার জন্যও সতর্কতা জারি করা হয়েছে। উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় ঝড়বৃষ্টির জন্য সতর্কতা জারি করা হয়েছে। হালকা বিক্ষিপ্ত বৃষ্টির পাশাপাশি পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে আবার তীব্র গরমের সতর্কতাও জারি করা হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ