
বীরভূম, ২৫ এপ্রিল (হি.স.): দুর্ঘটনায় জড়িত একটি গাড়ি-সহ দু'জনকে আটক করেও কেন ছেড়ে দিয়েছে পুলিশ, এই অভিযোগে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে বীরভূমের সদাইপুর থানা এলাকার তাপসপুর মোড়ে, ১৪ নম্বর জাতীয় সড়কে। পরে পুলিশ এবং জওয়ানরা এসে উত্তেজিত জনতাকে বুঝিয়ে অবরোধ তোলেন।
প্রসঙ্গত, শুক্রবার পথ দুর্ঘটনায় জখম হন তাপসপুর গ্রামের এক যুবক। স্কুটারে চিনপাই থেকে তাপসপুর গ্রামে যাচ্ছিলেন তিনি। রাস্তা পারাপারের সময় পাঁচামি থেকে দুর্গাপুরগামী একটি গাড়ি তাঁকে ধাক্কা মারে। আশঙ্কাজনক অবস্থায় ওই যুবককে প্রথমে সিউড়ি সদর হাসপাতালে, পরে সেখান থেকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই গাড়ি-সহ দু'জনকে পুলিশ পাকড়াও করলেও পরে তাদের ছেড়ে দেয়। তাদের গ্রেফতার করতে হবে, এই দাবিতে এ দিন পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ