
উত্তর ২৪ পরগনা, ২৫ এপ্রিল (হি. স.): দ্বিতীয় দফার ভোটের আগে শনিবার দুপুরে নোয়াপাড়া থানা সংলগ্ন এলাকায় হঠাৎ কিছু 'বিস্ফোরণের' ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা, আতঙ্কে ঘর থেকে বেরিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, থানার পেছন দিক থেকেই বিস্ফোরণের মতো শব্দ শোনা যায়।স্থানীয়দের দাবি, বিস্ফোরণের পর স্প্লিন্টার ছিটকে আশপাশের বাড়ির ছাদ ও উঠোনে এসে পড়ে। ঘটনায় কেউ হতাহত না হলেও ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়। মুহূর্তের মধ্যে এলাকা ধোঁয়ায় ঢেকে যায় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।বাসিন্দাদের অভিযোগ, এত বড় ঘটনার পরও থানার পক্ষ থেকে তৎক্ষণাৎ কোনও দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি। বিষয়টি জানানো হলেও পুলিশ প্রথমে গুরুত্ব দেয়নি বলেও অভিযোগ উঠেছে। ফলে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বাড়ে।ভোটের আগে এই ধরনের 'বিস্ফোরণের' ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও পুলিশ সূত্রে এখনও পর্যন্ত কোনও বিবৃতি পাওয়া যায়নি। ঘটনাটি ঘিরে রাজনৈতিক মহলেও চাপানউতোর শুরু হয়েছে। তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়