
শিলিগুড়ি, ২৫ এপ্রিল (হি.স.): গরু চোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু হল একজনের। গুরুতর জখম অপরজন শিলিগুড়ি জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অভিযোগ এমনই। শনিবার ভোরে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির ভক্তিনগর থানার আশিঘর ফাঁড়ির একটিয়াশাল বাণেশ্বর মোড় এলাকায়। ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর এলাকায় নামে কেন্দ্রীয় বাহিনী।
জানা গেছে, শুক্রবার গভীর রাত থেকেই এলাকায় গরু চুরির গুজব ছড়িয়ে পড়েছিল। শনিবার ভোরে স্থানীয়রা দুই সন্দেহভাজনকে ধরে। অভিযোগ, তাদের একটি খুঁটির সঙ্গে বেঁধে ব্যাপক মারধর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত দুজনকে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা একজনকে মৃত ঘোষণা করেন। অন্যজন ওই হাসপাতালেই চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ