
কলকাতা, ২৫ এপ্রিল (হি.স.): দুই কৃতী বাঙালিকে বড় মর্যাদা দিয়েছে কেন্দ্র। নীতি আয়োগের পরবর্তী ভাইস-চেয়ারম্যান হচ্ছেন দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ তথা বালুরঘাটের বিজেপি বিধায়ক অশোক কুমার লাহিড়ী। বর্তমানে সুমন কে বেরি এই পদে রয়েছেন। একইসঙ্গে বাংলার আর এক কৃতী সন্তান, বিজ্ঞানী গোবর্ধন দাসকে নীতি আয়োগের সদস্য হিসেবে নিয়োগ করা হচ্ছে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে শুধু অশোকের মতো অর্থনীতিবিদ নন, গোবর্ধন দাসের মতো বিজ্ঞানী, স্বপন দাশগুপ্ত বা অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের মতো সুশীল মুখ, অম্বুজাক্ষ মহান্তির মতো শিক্ষাবিদদের রাখা হয়েছিল প্রার্থী তালিকায়। এঁদের মধ্যে একমাত্র অশোকই বালুরঘাট থেকে জিতে এসেছিলেন।
অশোক লাহিড়ীকে শুভেচ্ছা জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এক্স মাধ্যমে শুভেন্দু জানান, আমার সহকর্মী এবং বালুরঘাটের বিধায়ক ডঃ অশোক লাহিড়ীকে নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান নিযুক্ত হওয়ায় আন্তরিক অভিনন্দন। পশ্চিমবঙ্গের আমাদের সকলের জন্য এটি অত্যন্ত গর্বের বিষয় যে ডঃ লাহিড়ীকে ভারতের এই প্রধান নীতি-নির্ধারক সংস্থায় এমন একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করা হয়েছে। অর্থনীতিবিদ এবং প্রাক্তন মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা হিসাবে ডঃ লাহিড়ীর বিশাল অভিজ্ঞতা, তাঁর বিধায়ক হিসাবে অভিজ্ঞতার সঙ্গে মিলিত হয়ে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিকশিত ভারতের স্বপ্নকে নিঃসন্দেহে এক বিশাল গতি প্রদান করবে। দেশের সেবায় তাঁর একটি অত্যন্ত সফল এবং প্রভাবশালী কার্যকাল কামনা করছি।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ