
লখনউ, ২৫ এপ্রিল(হি. স.) : উত্তর প্রদেশের লখনউয়ের ঠাকুরগঞ্জ থানা এলাকায় এক মহিলার রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার সকালে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বালাগঞ্জের লাল কলোনির বাসিন্দা নরেশ অভিযোগ করেন, তাঁর বোন নীলম (৪২) স্বামী সঞ্জয়ের সঙ্গে থাকতেন না। শনিবার সকালে ঘরের ভিতর থেকে নীলমের দেহ উদ্ধার হয়। অভিযোগ, সঞ্জয়ই তাঁকে খুন করেছে। যদিও প্রাথমিক তদন্তে মৃতদেহে কোনও আঘাতের চিহ্ন মেলেনি।
ঘটনাস্থলে ফরেন্সিক দল ডেকে প্রমাণ সংগ্রহ করা হয়েছে। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। প্রাথমিকভাবে খুনের কোনও প্রমাণ মেলেনি বলে জানানো হয়েছে, তবে অভিযোগের ভিত্তিতে সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে এবং সেই অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন