
ধর্মনগর (ত্রিপুরা), ২৫ এপ্রিল (হি.স.) : উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার সোনারোবাসা বনবাড়ি এলাকায় একটি স্থানীয় অনাথ আশ্রমে দুঃসাহসিক চুরির ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। আশ্রম প্রাঙ্গণ থেকে লোহার রড চুরির ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পরপরই সক্রিয় হয় পুলিশ এবং দ্রুত পদক্ষেপ নিয়ে চারজন অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে চুরির দিনই অভিযান চালিয়ে সুলজ মিয়া (৩৪) ও আব্দুল কালাম (৪২)-কে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য মেলে, যার সূত্র ধরে তদন্তকারী দল আরও দুই অভিযুক্ত—গিয়াস উদ্দিন (৫০) এবং রাহুল মিয়া (২১)-এর খোঁজ পায়। ২৪ এপ্রিল ভাগ্যপুর এলাকায় তাদের নিজ নিজ বাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।
ধর্মনগর থানার ওসি জানিয়েছেন, গ্রেফতারের সময় অভিযুক্তরা পুলিশের কাজে বাধা সৃষ্টি করার চেষ্টা করে এবং এক পর্যায়ে পুলিশ কর্মীদের ওপর হামলাও চালায়। তবে পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সকলকে হেফাজতে নিতে সক্ষম হয়।
প্রাথমিক তদন্তে উঠে এসেছে, এই চুরির ঘটনার পেছনে একটি সুসংগঠিত চক্র কাজ করছে। চক্রটি দীর্ঘদিন ধরে এলাকায় সক্রিয় থাকতে পারে বলে সন্দেহ করছেন তদন্তকারীরা। ইতিমধ্যে এই চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত করতে তল্লাশি জোরদার করা হয়েছে এবং বিভিন্ন স্থানে নজরদারি বাড়ানো হয়েছে।
এদিকে, ঘটনার পর অনাথ আশ্রমটির নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। আশ্রম কর্তৃপক্ষকে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে প্রশাসন। স্থানীয় বাসিন্দারাও ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন এবং এলাকায় পুলিশি টহল বাড়ানোর দাবি জানিয়েছেন।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ধৃতদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ চালিয়ে আরও তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। পুলিশ আশাবাদী, খুব শীঘ্রই এই চক্রের বাকি সদস্যদেরও গ্রেফতার করে আইনের আওতায় আনা সম্ভব হবে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ