কদমতলায় বাড়ির সামনে থেকে বাইক উধাও, আতঙ্কে এলাকাবাসী
কদমতলা (ত্রিপুরা), ২৫ এপ্রিল (হি.স.) : উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমায় ফের সক্রিয় হয়ে উঠেছে বাইক চোরচক্র। একের পর এক চুরির ঘটনায় আতঙ্কে দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ। সর্বশেষ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কদমতলা থানার অন্তর্গত ইচাই লালছড়া গ্রামের ২ নং
কদমতলায় বাইক চুরি


কদমতলা (ত্রিপুরা), ২৫ এপ্রিল (হি.স.) : উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমায় ফের সক্রিয় হয়ে উঠেছে বাইক চোরচক্র। একের পর এক চুরির ঘটনায় আতঙ্কে দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ। সর্বশেষ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কদমতলা থানার অন্তর্গত ইচাই লালছড়া গ্রামের ২ নং ওয়ার্ডে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের বাসিন্দা দেবাশীষ দেবের টিআর০৫ই৮০৫০ নম্বরের মোটরবাইক বৃহস্পতিবার রাতে তাঁর বাড়ির গেটের সামনে থেকে চুরি হয়ে যায়। প্রতিদিনের মতো ওইদিনও তিনি বাইকটি বাড়ির সামনে রেখে দেন। পরদিন সকালে উঠে দেখেন বাইকটি আর সেখানে নেই। আশপাশে খোঁজাখুঁজি করেও কোনও সন্ধান মেলেনি।

ঘটনার দু’দিন অতিক্রান্ত হলেও এখনও পর্যন্ত বাইকটির কোনও হদিস পাওয়া যায়নি। এই ঘটনায় হতাশ ও বিপাকে পড়েছেন দেবাশীষ দেব। তিনি জানান, ওই বাইকটিই ছিল তাঁর জীবিকার একমাত্র মাধ্যম। বাইক ব্যবহার করেই তিনি রোজগার করতেন। হঠাৎ এই চুরির ঘটনায় তাঁর পরিবার আর্থিক অনিশ্চয়তার মুখে পড়েছে।

এদিকে, শুধু ইচাই লালছড়া নয়—উত্তর জেলার একাধিক এলাকায় সম্প্রতি ধারাবাহিকভাবে বাইক চুরির ঘটনা সামনে আসছে। কদমতলা থানার অধীন লালছড়া গ্রামেও কয়েকদিন আগে একই ধরনের চুরির ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। ফলে গোটা এলাকায় চোরচক্রের সক্রিয়তা নিয়ে উদ্বেগ বাড়ছে।

ঘটনার পর দেবাশীষ দেব কদমতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেলেও এখনও পর্যন্ত কোনও উল্লেখযোগ্য সাফল্য মেলেনি। চুরি হওয়া বাইক উদ্ধার বা চোরদের গ্রেফতারের বিষয়ে নিশ্চিত তথ্য না থাকায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে।

এমন পরিস্থিতিতে পুলিশের টহলদারি ও নজরদারি নিয়ে প্রশ্ন তুলছেন এলাকাবাসী। তাঁদের দাবি, রাতের নিরাপত্তা জোরদার করা এবং সন্দেহভাজন চোরচক্রকে দ্রুত চিহ্নিত করে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক। পাশাপাশি সিসিটিভি নজরদারি বৃদ্ধি এবং নিয়মিত পুলিশ পেট্রোলিং চালুরও দাবি উঠেছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande