
নদিয়া, ২৬ এপ্রিল (হি.স.): রবিবার রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে জনসভা করেন অমিত শাহ। তিনি বলেন, প্রথম দফাতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা শেষ হয়ে গিয়েছে। ১৫২টি আসনের মধ্যে ১১০টি আসনে জিতবে বিজেপি। বাকি কাজ করতে হবে দ্বিতীয় দফায়। অনুপ্রবেশমুক্ত বাংলা গড়তে হবে। ৪ মে-র পর কোনও অনুপ্রবেশকারীর ঠাঁই হবে না এই রাজ্যে। সকলকে খুঁজে খুঁজে বার করে সীমান্তের বাইরে পাঠানো হবে।
অমিত শাহ বলেন, মমতাদি আমার উপর রেগে যান। শুধু বলেন, কেন এসআইআর করলাম? কেন অনুপ্রবেশকারীদের ভোটারতালিকা থেকে বাদ দিলাম? চিন্তা নেই। ৫ তারিখের পর বিজেপি সরকার সব অনুপ্রবেশকারীদের খুঁজে বার করে দেশছাড়া করবে। রানাঘাটের সভা থেকে তিনি অভিযোগ করেন, মমতাদি ষড়যন্ত্র করে কিছু মতুয়া, নামশূদ্রের নাম ভোটারতালিকা থেকে বাদ দিয়েছেন। তার পরেই শাহের আশ্বাস, চিন্তা নেই, বিজেপি-কে সরকারে আনুন। সব মতুয়া, নমশূদ্রদের নাম ভোটারতালিকায় ফিরিয়ে আনা হবে।
তিনি বলেন, মমতার গুন্ডাদের আমি আজ বলে যাচ্ছি, কান খুলে শুনে রাখো, ২৯ তারিখ ঘরের বাইরে পা রেখেছ তো ৫ তারিখ উল্টো ঝুলিয়ে সকলকে সোজা করে দেওয়া হবে। তিনি আরও বলেন, নির্বাচন কমিশন ভাল কাজ করছে। সব বুথে সিআরপিএফ পাহারায়। তৃণমূলের গুন্ডাদের ভয় পাওয়ার দরকার নেই। দেখেছেন তো ২৩ তারিখ কোনও গুন্ডা বাইরে বার হতে পারেনি। একই সঙ্গে সিন্ডিকেটরাজ শেষ করার প্রতিশ্রুতি দিলেন শাহ। তিনি বলেন, ৪ তারিখের পর সিন্ডিকেট এবং ভাইপো-ট্যাক্সও শেষ হবে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ