
বাঁকুড়া, ২৬ এপ্রিল (হি.স.): বাঁকুড়ায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল জনপ্রিয় চিকিৎসক ডা. দীপক গুপ্তের। শনিবার গভীর রাতের এই দুর্ঘটনার পর গোটা জেলাজুড়ে শোকের আবহ তৈরি হয়েছে।
রবিবার জানা গিয়েছে, শনিবার রাতে ছাতনার কমলপুর থেকে ফেরার সময় কাটজুড়িডাঙ্গা মোড়ে একটি অর্জুন গাছের সঙ্গে তাঁর গাড়ির ধাক্কা লাগে। ঘটনাস্থলেই গুরুতর আহত হন তিনি এবং পরবর্তীতে তাঁর মৃত্যু হয়।
ডা. দীপক গুপ্ত দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন প্রান্তে অসংখ্য রোগীকে চিকিৎসা পরিষেবা দিয়ে আসছিলেন। বিশেষ করে গত তিন থেকে চার বছর ধরে ছাতনার আন্দারথোল গ্রামে সপ্তাহে একদিন করে বিনামূল্যে চিকিৎসা করতেন তিনি।
স্থানীয়দের দাবি, তাঁর চিকিৎসায় বহু রোগী নতুন করে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন। রোগীদের কাছ থেকে সামর্থ্য অনুযায়ী পারিশ্রমিক নিতেন, অনেক ক্ষেত্রেই বিনামূল্যে চিকিৎসা করতেন। তাঁর এই মানবিকতা ও সেবামূলক মনোভাব তাঁকে অন্যদের থেকে আলাদা করে তুলেছিল।
মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়তেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ শেষবারের মতো তাঁকে দেখতে বাঁকুড়া শহরে ভিড় জমান। কোনও চিকিৎসকের মৃত্যুতে রোগীদের এমন আবেগপ্রবণ প্রতিক্রিয়া বিরল বলেই মনে করছেন অনেকে।
স্থানীয়দের কথায়, ডা. গুপ্ত চিকিৎসাকে পেশা হিসেবে নয়, মানবসেবার ব্রত হিসেবে গ্রহণ করেছিলেন। তাঁর এই অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট