
হাওড়া, ২৬ এপ্রিল (হি.স.): রবিবার দুপুরে উত্তর হাওড়ার বিজেপি প্রার্থীর সমর্থনে বেরোনো মিছিলকে লক্ষ্য করে তৃণমূল কর্মীদের জয় বাংলা স্লোগানে উত্তপ্ত হল লিলুয়ার বামনগাছির বি রোড এলাকা। দু'পক্ষের মধ্য তর্কাতর্কি থেকে হাতাহাতি মারপিট বেঁধে যায়। পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ও পুলিশ লাঠি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন দুপুরে উত্তর হাওড়ার বিজেপি প্রার্থী উমেশ রাইয়ের সমর্থনে বামনগাছি এলাকায় রোড শো করছিলেন গোরক্ষপুরের বিজেপি সাংসদ তথা অভিনেতা রবি কিষাণ। ওই সময় বি রোডের অরবিন্দ স্কুলের কাছে তৃণমূলের দলীয় কার্যালয়ের সামনে দাঁড়িয়ে থাকা তৃণমূল সমর্থকেরা বিজেপির মিছিল লক্ষ্য করে জয় বাংলা স্লোগান দিতে থাকে। বিজেপির মিছিল থেকেও পাল্টা জয় শ্রী রাম স্লোগান ও চোর চোর বলে চিৎকার করা হয়। এর পরেই দু'পক্ষের মধ্যে প্রথমে তর্কাতর্কি, পরে হাতাহাতি বেঁধে যায়। বিজেপির অভিযোগ, তৃণমূলের লোকজন তাঁদের লাঠি, বাঁশ দিয়ে আক্রমণ করে। যদিও তৃণমূলের দাবি, বিজেপির লোকেরাই মিছিল থেকে লাঠি, রড নিয়ে দলের কর্মীদের বিনা কারণে আক্রমণ করেছে। দু'দলের গোলমালে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দু'পক্ষকে সরিয়ে দেয়।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ