
শিলিগুড়ি, ২৬ এপ্রিল (হি.স.): রবিবার দুপুরে সেবক রোডের সাত মাইল এলাকায় বাসের ধাক্কায় মৃত্যু হলো এক বাইক আরোহীর। বীরপাড়া-শিলিগুড়ি রুটের একটি বাসের সঙ্গে ওই বাইকের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরের দিকে বীরপাড়া থেকে শিলিগুড়িগামী একটি বাস সেবক রোড হয়ে চেকপোস্টের দিকে আসছিল। সেই সময় বিপরীত দিক থেকে ওই বাইক আরোহী সেবকের দিকে যাচ্ছিলেন। সাত মাইলের কাছে কোনওভাবে নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি বাসের সামনে চলে আসে। মুখোমুখি সংঘর্ষে বাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং বাইক আরোহী গুরুতর আহত হন। গুরুতর জখম অবস্থায় ওই বাইক আরোহীকে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনার পরই বাসের চালক পলাতক। চালকের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ