
দুর্গাপুর, ২৬ এপ্রিল (হি.স.): রবিবার সকালে দুর্গাপুরের ডিভিসি মোড় সংলগ্ন নজরুল পল্লী এলাকায় একটি প্লাস্টিকের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে হতাহতের কোনও খবর না মিললেও ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে। পাশাপাশি এই অগ্নিকাণ্ডে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জঙ্গল লাগোয়া ওই এলাকায় দীর্ঘদিন ধরেই বস্তায় ভরে বিপুল পরিমাণ পুরনো প্লাস্টিক মজুত করে রাখা হত। রবিবার সকালে আচমকাই সেখানে আগুন ধরে যায় এবং দ্রুত তা ভয়াবহ রূপ নেয়। মুহূর্তে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা, প্লাস্টিকের পোড়া গন্ধে শ্বাসকষ্টের পরিস্থিতি তৈরি হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। কিন্তু আগুনের তীব্রতা বাড়তে থাকায় পরে আরও দুটি ইঞ্জিন আনা হয়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ততক্ষণে বিপুল পরিমাণ প্লাস্টিক পুড়ে যায়।
দমকল আধিকারিক রিপন বড়ুয়া জানান, একটি অস্থায়ী ঘরে প্লাস্টিক মজুত ছিল এবং সেখান থেকেই আগুন ছড়ায়। ঘটনায় কোনও হতাহতের খবর নেই।
তবে কীভাবে আগুন লাগল, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। স্থানীয়দের একাংশের দাবি, ইচ্ছাকৃতভাবে আগুন লাগানো হয়ে থাকতে পারে। একইসঙ্গে এত পরিমাণ দাহ্য পদার্থ সেখানে মজুত করার অনুমতি ছিল কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।
হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা