
ঝাড়গ্রাম, ২৬ এপ্রিল (হি.স.): হরিনাম সংকীর্তন দেখে বাড়ি ফেরার পথে হাতির হানায় গুরুতর জখম হলেন এক বৃদ্ধা। শনিবার রাতে ঝাড়গ্রাম রেঞ্জের পুকুরিয়া বিটের আঁধারীশোল এলাকায় এই ঘটনা ঘটে।
রবিবার বন দফতর সূত্রে জানা গিয়েছে, আহতের নাম সাইবানী নায়েক (৬২)। তাঁর বাড়ি নেদাবহড়া গ্রাম পঞ্চায়েতের সরো গ্রামে। শনিবার সন্ধ্যায় তিনি মাসাংডিহি গ্রামে হরিনাম সংকীর্তন শুনতে গিয়েছিলেন। অনুষ্ঠান শেষে রাতে অন্যান্য গ্রামবাসীদের সঙ্গে বাড়ি ফেরার সময় আঁধারীশোল এলাকায় একটি হাতির মুখোমুখি হন তিনি।
স্থানীয়রা তাঁকে সতর্ক করার চেষ্টা করলেও তিনি শুনতে পাননি বলে জানা গিয়েছে। এরপর হাতিটি শুঁড়ে পেঁচিয়ে তাঁকে তুলে আছাড় মারে, ফলে গুরুতর জখম হন তিনি।
খবর পেয়ে বন দফতরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে ঝাড়গ্রাম জেলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে।
রবিবার বনদফতর সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে জামবনি ও লোধাশুলি রেঞ্জ থেকে দুটি হাতির দল পুকুরিয়া বিট এলাকায় ঢুকে পড়ে। ফলে পুকুরিয়া, কুন্ডলডিহি, মাসাংডিহি, আঁধারীশোল, জারুলিয়া ও নেদাবহড়া-সহ একাধিক গ্রামে মাইকিং করে মানুষকে সতর্ক করা হয়।
বনদফতরের দাবি, লোধাশুলি ও ঝাড়গ্রাম রেঞ্জের সীমানা এলাকায় প্রায় ২৫-৩০টি হাতি রয়েছে। অন্যদিকে জামবনি রেঞ্জের দিক থেকে আরও ২৮-৩০টি হাতির একটি দল জারুলিয়ার জঙ্গলে প্রবেশ করেছে।
এদিন পুকুরিয়া বিটের বিট অফিসার সোমনাথ ঘোষ জানান, “আহত মহিলা কানে কম শুনতে পান। তাই সতর্ক করা সত্ত্বেও তিনি হাতির সামনে চলে যান। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর চিকিৎসার সমস্ত দায়িত্ব বন দফতর নিয়েছে।”
হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো