
জম্মু, ২৬ এপ্রিল (হি.স.): রবিবার জম্মু অঞ্চলের পাঁচটি জেলায় তাপপ্রবাহ ও লু-এর সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। একইসঙ্গে আগামী পাঁচ দিন কেন্দ্রশাসিত অঞ্চলের অন্যান্য অংশে মনোরম আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।
আবহাওয়া দফতরের এক আধিকারিক জানিয়েছেন, আগামী দু’দিন জম্মু, কাঠুয়া, সাম্বা, রিয়াসি ও উদমপুর জেলায় গরম ও শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। ২৬ ও ২৭ এপ্রিল কিছু এলাকায় লু বইতে পারে বলেও আশঙ্কা করা হয়েছে। ফলে সাধারণ মানুষকে দিনের গরম সময় বাইরে বেরোনো এড়িয়ে চলা এবং পর্যাপ্ত জলপান করার পরামর্শ দেওয়া হয়েছে।
অন্যদিকে কাশ্মীর উপত্যকায় আগামী ৪৮ ঘণ্টায় কিছু জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া মোটামুটি শুষ্ক থাকলেও মনোরম পরিবেশ বজায় থাকবে বলে জানানো হয়েছে।
আবহাওয়া দফতর আরও জানিয়েছে, ২৭ ও ২৮ এপ্রিল সন্ধ্যার দিকে কিছু এলাকায় দমকা হাওয়া বা শিলাবৃষ্টির সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টিপাত হতে পারে। তবে ২৯ ও ৩০ এপ্রিল আবহাওয়া সাধারণত শুষ্ক থাকবে।
বর্তমানে কাশ্মীরে সর্বোচ্চ তাপমাত্রা ১৭ থেকে ২২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে, আর সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমেছে|
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য