
আগরতলা, ২৬ এপ্রিল (হি.স.) : ভোটের ফলাফল ঘোষণার পরই ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি) এলাকায় শাসকদল তিপ্রা মথার বিরুদ্ধে গুরুতর আর্থিক অনিয়ম, বেআইনি নিয়োগ এবং সন্ত্রাসের অভিযোগ তুলল বিজেপি। রবিবার আগরতলায় প্রদেশ বিজেপি-র কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই বিস্ফোরক অভিযোগ করেন প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা।
তিনি জানান, নির্বাচনী প্রক্রিয়া চলাকালীন সময়ে টিটিএএডিসি প্রশাসন ব্যাপক দুর্নীতিতে জড়িয়ে পড়ে। অভিযোগ, নিয়মবহির্ভূতভাবে এবং কোনওরকম আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি ছাড়াই বিপুল সংখ্যক গ্রুপ-সি ও গ্রুপ-ডি পদে নিয়োগ করা হয়েছে। এই নিয়োগে স্বজনপোষণ নীতি অনুসরণ করা হয়েছে বলে দাবি বিজেপি-র। এমনকি ডেপুটি সিইও-র মাধ্যমে স্বাক্ষর করিয়ে তড়িঘড়ি করে চাকরি দেওয়া হয়েছে, যা সম্পূর্ণভাবে প্রশাসনিক নিয়ম ও ন্যায়বিচারের পরিপন্থী বলে উল্লেখ করেন তিনি।
রেবতী ত্রিপুরা আরও অভিযোগ করেন, খুমুলঙ-এ অবস্থিত টিটিএএডিসি প্রশাসন তাদের শাসনকালে সরকারি তহবিলের অপব্যবহার, প্রকল্পের অর্থ আত্মসাৎ এবং আর্থিক শৃঙ্খলা ভঙ্গের মতো একাধিক অনিয়মে জড়িত ছিল। জনসেবার প্রতিটি ক্ষেত্রে দুর্নীতির ছাপ স্পষ্ট বলে দাবি তাঁর। এই প্রেক্ষিতে বিষয়টি রাজ্যপাল -র নজরে আনা হয়েছে বলে জানান তিনি। রাজ্যপালের বিশেষ সাংবিধানিক ক্ষমতা রয়েছে, তাই তিনি যেন এই অভিযোগগুলির নিরপেক্ষ তদন্তের নির্দেশ দেন, সেই দাবিও জানানো হয়েছে। এছাড়া, সিএজি-ও এই বিষয়ে রাজ্য সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে বলে দাবি করেন তিনি।
শুধু তাই নয়, নির্বাচনের ফলাফল প্রকাশের পর টিটিএএডিসি এলাকায় সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি হয়েছে বলেও অভিযোগ বিজেপি-র। রেবতী ত্রিপুরার বক্তব্য অনুযায়ী, বিরোধী সমর্থকদের বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ, ভাঙচুর এবং মহিলাদের ওপর নির্যাতনের মতো ঘটনা ঘটছে, যা গণতান্ত্রিক পরিকাঠামোর জন্য গভীর উদ্বেগজনক।
এই পরিস্থিতির প্রতিবাদে বিজেপি সিদ্ধান্ত নিয়েছে, ২৭ এপ্রিল অনুষ্ঠেয় টিটিএএডিসি-র শপথ গ্রহণ অনুষ্ঠানে দলের জয়ী চারজন এমডিসি অংশ নেবেন না। পরে তাঁরা পৃথকভাবে শপথ গ্রহণ করবেন বলে জানানো হয়েছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ