এনএফআর-এর অধীন আরপিএফ-এর অভিযানে উদ্ধার ২৯ লক্ষাধিক টাকার গাঁজা, গ্রেফতার তিন
গুয়াহাটি, ২৬ এপ্রিল (হি.স.) : রেলের মাধ্যমে নিষিদ্ধ দ্রব্য পরিবহণের বিরুদ্ধে বিভিন্ন রেল স্টেশনে পরিচালিত অভিযানে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের অধীন রেলওয়ে সুরক্ষা বাহিনী (আরপিএফ) ২৯ লক্ষাধিক টাকার ৬০ কেজি গাঁজা উদ্ধার করেছে। গাঁজার অবৈধ পরিবহণে জড়িত
আরপিএফ-এর অভিযানে গাঁজা সহ গ্রেফতারকৃতরা


গুয়াহাটি, ২৬ এপ্রিল (হি.স.) : রেলের মাধ্যমে নিষিদ্ধ দ্রব্য পরিবহণের বিরুদ্ধে বিভিন্ন রেল স্টেশনে পরিচালিত অভিযানে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের অধীন রেলওয়ে সুরক্ষা বাহিনী (আরপিএফ) ২৯ লক্ষাধিক টাকার ৬০ কেজি গাঁজা উদ্ধার করেছে। গাঁজার অবৈধ পরিবহণে জড়িত তিনজনকে আটক করে সংশ্লিষ্ট জিআরপি আউটপোস্টে হস্তান্তর করেছে আরপিএফ কর্তৃপক্ষ।

আজ রবিবার উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা এক প্রেস বার্তায় এ খবর দিয়ে জানান, গত ২০ এপ্রিল নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনের আরপিএফ কর্মীরা নিয়মিত তল্লাশি ও অভিযানের সময় দুটি পৃথক ঘটনায় বিপুল পরিমাণের মালিকবিহীন গাঁজা উদ্ধার করেছেন। প্রথম ঘটনায় প্রায় ৯ লক্ষ টাকা মূল্যের ১৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। অন্যদিকে, অনুরূপ আরেকটি অভিযানে প্রায় ১৩.৮০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এগুলোর আনুমানিক মূল্য ৬.৯০ লক্ষ টাকা।

এছাড়া ২১ এপ্রিল আগরতলার আরপিএফ টিম জিআরপি-র সহযোগিতায় আগরতলা রেল স্টেশনে দুজনকে আটক করে এবং তাদের হেফাজত থেকে প্রায় ২১.৪৮ কেজি গাঁজা বাজেয়াপ্ত করেছে। এগুলোর মূল্য আনুমানিক ১০.৭৪ লক্ষ টাকা। বাজেয়াপ্তকৃত গাঁজা সহ গ্রেফতারকৃতদের পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জিআরপি-র আগরতলা আউটপোস্টে হস্তান্তর করা হয়েছে।

অভিযান অব্যাহত রেখে ২২ এপ্রিল আগরতলার আরপিএফ টিম জিআরপি-র সহযোগিতায় আগরতলা রেলওয়ে স্টেশন থেকে এক ব্যক্তিকে আটক করে। তার হেফাজত থেকে আনুমানিক ৩ লক্ষ টাকা মূল্যের প্রায় ৬ কেজি গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতকে বাজেয়াপ্তকৃত নিষিদ্ধ সামগ্রী সহ আগরতলার জিআরপি আউটপোস্টের কাছে হস্তান্তর করা হয়েছে।

উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের আরপিএফ রেল চত্বর ও ট্রেনসমূহকে মাদক পাচারের কাজে অপব্যবহার রোধে ধারাবাহিকভাবে সুনির্দিষ্ট অভিযান, নজরদারি এবং গোয়েন্দা-ভিত্তিক অপারেশন পরিচালনা করে আসছে। এই ধারাবাহিক প্রচেষ্টাগুলি উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের আওতাধীন সমগ্র এলাকায় অবৈধ কার্যকলাপ দমনের মাধ্যমে যাত্রীদের জন্য একটি সুরক্ষিত রেল পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে তার অঙ্গীকারকেই প্রতিফলিত করে, প্রেস বার্তায় জানান উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande