এনবিএসটিসি-র স্লিপার ভলভো বাসে কন্ডাক্টরের পরিবর্তে অ্যাটেনডেন্ট, যাত্রা শুরু রবিবার
শিলিগুড়ি, ২৬ এপ্রিল (হি.স.): উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের (এনবিএসটিসি) যাত্রিবাহী অত্যাধুনিক স্লিপার ভলভো বাসে এবার থেকে থাকবে না কোনও কন্ডাক্টর। বাসে উঠলে যাত্রীদের স্বাগত জানাবেন বাস অ্যাটেনডেন্টরা। যাত্রী পরিষেবার মানোন্নয়নের জন্যই এই সিদ
এনবিএসটিসি-র স্লিপার ভলভো বাসে কন্ডাক্টরের পরিবর্তে অ্যাটেনডেন্ট, যাত্রা শুরু রবিবার


শিলিগুড়ি, ২৬ এপ্রিল (হি.স.): উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের (এনবিএসটিসি) যাত্রিবাহী অত্যাধুনিক স্লিপার ভলভো বাসে এবার থেকে থাকবে না কোনও কন্ডাক্টর। বাসে উঠলে যাত্রীদের স্বাগত জানাবেন বাস অ্যাটেনডেন্টরা। যাত্রী পরিষেবার মানোন্নয়নের জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে পরিবহণ নিগম সূত্রে জানা গেছে। অ্যাটেনডেন্টরা যাত্রীদের আসন খুঁজে দেওয়া, ব্যাগ গুছিয়ে রাখতে সাহায্য করা সহ তাঁদের সুবিধা-অসুবিধার বিষয়গুলি দেখবেন। বাসগুলিতে যাত্রীদের জন্য থাকবে জলের বোতল, ফ্রি ওয়াইফাই, টিভি, বালিশ, বিছানার চাদর ও কম্বল।

রবিবার বিকেলে শিলিগুড়ি থেকে এবং সোমবার বিকেলে কোচবিহার থেকে কলকাতার উদ্দেশে রওনা দেবে অত্যাধুনিক এই স্লিপার ভলভো বাস। পরিবহণ নিগম সূত্রে খবর, অনলাইন বুকিংয়ের পাশাপাশি নির্দিষ্ট ডিপো থেকে টিকিট কেটে যাত্রীরা বুকিং করতে পারবেন। কোচবিহার থেকে ২ হাজার টাকা ভাড়া, আর শিলিগুড়ি থেকে ভাড়া ১৭০০ টাকা। এই বিষয়ে পরিবহণ নিগমের ম্যানেজিং ডিরেক্টর দীপঙ্কর পিপলাই বলেন, বাসগুলিতে কোনও কন্ডাক্টর থাকছে না। দুজন চালক এবং একজন অ্যাটেনডেন্ট থাকবেন|

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারির মাঝামাঝি শিলিগুড়িতে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি উদ্বোধন করেছিলেন ছয়টি অত্যাধুনিক স্লিপার ভলভো বাসের। রবিবার থেকে বাসগুলি যাত্রা শুরুর কথা জানাজানি হতেই উল্লসিত যাত্রীরা।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande