
কলকাতা, ২৬ এপ্রিল (হি স)। ভবানীপুরের বিজেপি প্রার্থী তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রচারের বিরুদ্ধে তৃণমূল অভিযোগ জানাল নির্বাচন কমিশনকে।
সামাজিক মাধ্যমের পোস্টে তৃণমূলের অন্যতম মুখপাত্র জয়প্রকাশ মজুমদার লিখেছেন, ইসি-র অনুমতি ছাড়া শুভেন্দুবাবু পুলিশ আবাসনে ঢুকে প্রচার সেরেছেন। যা নির্বাচনী বিধিভঙ্গ বলে মনে করছে তৃণমূল। এর পূর্ণাঙ্গ তদন্ত-সহ দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া দরকার।
এক্স হ্যান্ডেল পোস্টে জয়প্রকাশবাবুর অভিযোগ, ‘অত্যন্ত উদ্বেগজনক ঘটনা সকলের নজরে আনা প্রয়োজন। শুভেন্দু অধিকারী বডিগার্ড লাইনস পুলিশ আবাসনে গিয়ে ভোটের প্রচার করেন, নির্বাচন কমিশনের কোনও অনুমতি ব্যতিরেকে। কলকাতা পুলিশের কাছে আমার প্রশ্ন যে তিনি কি আগে থেকে অনুমতি নিয়েছিলেন? পুলিশ কম্পাউন্ডের ভেতরে কোন পূর্ববর্তী অনুমতি ছাড়া বাইরের লোকজন নিয়ে ঢুকে পড়া কি নির্বাচন বিধি লঙ্ঘন করে না? পরবর্তীকালে কোনরকম সিকিউরিটি সমস্যা হলে তার দায় কি শুভেন্দু অধিকারী নেবেন?’’
প্রসঙ্গত, দ্বিতীয় দফা ভোটের আগে শেষলগ্নের প্রচার ঘিরে সরগরম দক্ষিণবঙ্গ। কলকাতায় সেই সুর আরও চড়া। বিশেষত ভবানীপুরের প্রচার সমস্ত আলো কেড়ে নিয়েছে। কিন্তু তার মধ্যেও বিতর্ক তৈরি হল মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কেন্দ্রে বিজেপি প্রার্থীর প্রচার নিয়ে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত