
কলকাতা, ২৬ এপ্রিল (হি.স.): গড়িয়া স্টেশন সংলগ্ন এলাকার একটি আবাসনে এক মহিলার রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম এনাক্ষী দাস। অভিযোগের আঙুল তাঁর স্বামীর বিরুদ্ধে। রবিবার ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানা এলাকায়। অভিযোগ, অসুস্থ সন্তানকে পাশের ঘরে রেখে স্ত্রীকে খুন করে চম্পট দিয়েছেন স্বামী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দেহ উদ্ধার করে সোনারপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন এনাক্ষীকে। জানা যাচ্ছে, রবিবার সকালে পরিচারিকা ফ্ল্যাটে এসে বারবার ডাকাডাকি করেও কারওর সাড়া পাননি। দরজায় হাত দিতেই তা খুলে যায়। এর পরে পরিচারিকা ভিতরে ঢুকে দেখেন, একটি ঘরে এনাক্ষীর ছেলে ঘুমিয়ে রয়েছে। অন্য আর একটি ঘরে বিছানার উপর এনাক্ষীর দেহ পড়ে আছে। সেই সময়ে বাড়িতে ছিলেন না এনাক্ষীর স্বামী সৌমিক দাস। পরিচারিকার চিৎকারে ছুটে আসেন প্রতিবেশীরা। তাঁরাই খবর দেন পুলিশে। পুলিশ এসে এনাক্ষীর দেহ উদ্ধার করে। ইতিমধ্যেই এনাক্ষীর দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ