
কলকাতা, ২৬ এপ্রিল (হি.স.): রক্তপাতহীন ভাবে ভোট মিটেছে। কিন্তু ভোটের পরেই রাজনৈতিক হিংসার অভিযোগ উঠল পশ্চিম বর্ধমানের আসানোসোল উত্তর বিধানসভা এলাকায়। কংগ্রেস প্রার্থীর প্রতিবেশী তথা ঘনিষ্ঠকে পিটিয়ে মারার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছে শাসকদল। কংগ্রেস কর্মী খুনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। এক বিবৃতিতে রবিবার তিনি জানিয়েছেন, আসানসোলে দলের কর্মীর নৃশংস ও চাঞ্চল্যকর খুনের ঘটনায় গভীরভাবে নিন্দা জানাচ্ছি। এই জঘন্য ঘটনা পশ্চিমবঙ্গের গণতন্ত্রের জন্য এক অন্ধকার ও বিপজ্জনক মুহূর্তের ইঙ্গিত বহন করছে। নির্বাচন কমিশন যেখানে এই নির্বাচনকে ‘অবাধ ও সুষ্ঠু’ বলে দাবি করছে, সেখানে বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। দীর্ঘদিন ধরে বাংলায় কংগ্রেসকে খাটো করে দেখানো তৃণমূল কংগ্রেস ও বিজেপি—এখন স্পষ্টতই বিচলিত। প্রথমে রাহুল গান্ধীর সভা বাধাগ্রস্ত করার চেষ্টা হয়েছে, আর এখন আমরা এই নির্বাচনের প্রথম রাজনৈতিক খুনের সাক্ষী - একজন কংগ্রেস কর্মীর মৃত্যু। এটা স্পষ্ট যে পশ্চিমবঙ্গে কংগ্রেসের ক্রমবর্ধমান জনপ্রিয়তা ও পুনরুত্থান তৃণমূল ও বিজেপি - উভয় শিবিরেই আতঙ্ক সৃষ্টি করেছে। সেই আতঙ্কই রূপ নিয়েছে হিংসা, ভয় দেখানো এবং কংগ্রেস ও তার কর্মীদের বিরুদ্ধে পরিকল্পিত প্রশাসনিক হয়রানিতে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত