
কলকাতা, ২৬ এপ্রিল (হি. স.) : গড়িয়া'তে রহস্যমৃত্যু এক মহিলার, পলাতক অধ্যাপক স্বামী। গড়িয়া স্টেশন সংলগ্ন একটি আবাসনে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে| অভিযোগ, স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করে পলাতক অধ্যাপক স্বামী। রবিবার সকালে দ্বিতীয় তলার একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে ওই গৃহবধূর দেহ। ঘটনার সময় পাশের ঘরে ঘুমিয়ে ছিল দম্পতির আট বছরের অসুস্থ সন্তান।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম এনাক্ষী দাস। স্বামী সৌমিক দাস পেশায় অধ্যাপক। প্রায় চার বছর আগে সন্তানের সঙ্গে ওই আবাসনে বসবাস শুরু করেন দম্পতি। প্রতিবেশীদের দাবি, দম্পতির সঙ্গে তাঁদের মেলামেশা খুবই সীমিত ছিল।
ঘটনাটি প্রকাশ্যে আসে রবিবার সকালে। বাড়ির পরিচারিকা রিংকু অধিকারী জানান, শনিবার রাত থেকে গৃহবধূর সঙ্গে ফোনে যোগাযোগ করতে না পেরে সন্দেহ হয় তাঁর। রবিবার সকালে ফ্ল্যাটে এসে বহুবার ডাকাডাকি করেও কোনও সাড়া না মেলায় প্রতিবেশীদের কাছ থেকে চাবি নিয়ে দরজা খোলেন তিনি। ভিতরে ঢুকে দেখেন, এক ঘরে ঘুমিয়ে রয়েছে শিশু সন্তান। পাশের ঘরে মশারির ভিতর বিছানায় পড়ে রয়েছেন গৃহবধূর নিথর দেহ।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নরেন্দ্রপুর থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পারিবারিক অশান্তির জেরেই এই খুন। ঘটনার পর থেকেই ওই মহিলার স্বামী সৌমিক দাস পলাতক। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। মোবাইল ফোনের লোকেশন ট্র্যাক করে অভিযুক্তের সন্ধান চালানো হচ্ছে। ঘটনার তদন্তে নেমে বিভিন্ন দিক খতিয়ে দেখছে পুলিশ।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত