বক্সনগরে ‘মন কি বাত’ অনুষ্ঠানে রাজ্যপালের বার্তা উন্নয়ন ও উদ্ভাবনে
বক্সনগর (ত্রিপুরা), ২৬ এপ্রিল (হি.স.) : সিপাহীজলা জেলার বক্সনগর উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে রবিবার আয়োজিত এক অনুষ্ঠানে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’ শোনেন। এদিনের অনুষ্ঠানে প্রশাসন, শিক্ষা দফত
মন কি বাত অনুষ্ঠানে রাজ্যপাল


বক্সনগর (ত্রিপুরা), ২৬ এপ্রিল (হি.স.) : সিপাহীজলা জেলার বক্সনগর উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে রবিবার আয়োজিত এক অনুষ্ঠানে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’ শোনেন। এদিনের অনুষ্ঠানে প্রশাসন, শিক্ষা দফতর ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বক্সনগরের বিধায়ক তফাজ্জল হোসেন, বিদ্যালয় শিক্ষা দফতরের অধিকর্তা রাজীব দত্ত, সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলাশাসক উপেন্দ্র জমাতিয়া, জেলার পুলিশ সুপার বিজয় দেববর্মা, বিদ্যালয় শিক্ষা দফতরের যুগ্ম অধিকর্তা অসীম সাহা সহ একাধিক পদস্থ আধিকারিক। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী এবং এলাকার সাধারণ মানুষও প্রধানমন্ত্রীর বক্তব্য শোনেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘ভোকাল ফর লোকাল’ উদ্যোগ ত্রিপুরায় ব্যাপক সাড়া ফেলেছে। এই উদ্যোগের ফলে রাজ্যের ঐতিহ্যবাহী বাঁশজাত পণ্য রাজ্যের গণ্ডি পেরিয়ে দেশের বিভিন্ন প্রান্তে সমাদৃত হচ্ছে। তিনি উল্লেখ করেন, ‘মন কি বাত’ শুধু একটি অনুষ্ঠান নয়, এটি নতুন ভারতের এক প্রতিচ্ছবি—যেখানে দেশের তৃণমূল স্তরের উদ্ভাবক, শিল্পী ও সাধারণ মানুষের সাফল্যের গল্প তুলে ধরা হয়।

রাজ্যপাল আরও বলেন, উত্তর-পূর্বাঞ্চল তথা ত্রিপুরার উদ্ভাবকরা এই জাতীয় মঞ্চে গুরুত্বপূর্ণ স্থান করে নিয়েছেন, যা গোটা অঞ্চলের জন্য গর্বের বিষয়। তিনি মনে করেন, এই ধরনের উদ্যোগ দেশের সার্বিক উন্নয়নে এবং স্থানীয় শিল্প ও সংস্কৃতির প্রসারে বিশেষ ভূমিকা পালন করছে।

অনুষ্ঠান শেষে রাজ্যপাল বক্সনগরে অবস্থিত একটি প্রাচীন বৌদ্ধ প্রত্নতাত্ত্বিক স্থল পরিদর্শন করেন। সেখানে অবস্থিত প্রাচীন বুদ্ধস্তূপ ঘুরে দেখেন এবং এর ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে অবগত হন। পরিদর্শনকালে তাঁর সঙ্গে বিধায়ক তফাজ্জল হোসেন সহ প্রশাসনের বিভিন্ন দফতরের পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande