
শান্তিরবাজার (ত্রিপুরা), ২৬ এপ্রিল (হি.স.) : দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার মহকুমা রবিবার সন্ধ্যায় ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ে। জোলাইবাড়ি পশ্চিম পিলাক কলোনি-সহ একাধিক এলাকায় ঝড়ের দাপটে গাছ উপড়ে পড়ে বাড়িঘর, যানবাহন এবং রাস্তাঘাটের উপর, যার ফলে জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঝড়ের তীব্রতায় বহু জায়গায় বড় বড় গাছ ভেঙে পড়ে বাড়ির উপর, ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক বসতঘর। পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় গাছ পড়ে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়। বিশেষ করে পশ্চিম পিলাক কলোনি বাজার এলাকায় পরিস্থিতি সবচেয়ে বেশি সংকটজনক হয়ে ওঠে। বিদ্যুতের খুঁটি ও তারের উপর গাছ ভেঙে পড়ায় বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।
এদিকে, জোলাইবাড়ি থেকে বিলোনিয়া যাওয়ার পথে টিআর০৮-০৫৯২ নম্বরের একটি ইকো গাড়ির উপর আচমকাই একটি বড় গাছ ভেঙে পড়ে। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে গেলেও সৌভাগ্যবশত প্রাণহানির ঘটনা ঘটেনি। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
ঘটনার পরপরই স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমকে খবর দেওয়া হলেও অভিযোগ, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তারা ঘটনাস্থলে পৌঁছায়নি। পরে জোলাইবাড়ি ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। একইসঙ্গে পুলিশও দ্রুত পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অন্যদিকে, ঝড়ের প্রভাবে শান্তিরবাজার নতুন ব্রিজ সংলগ্ন এলাকায় জাতীয় সড়কের উপর গাছ ভেঙে পড়ায় দীর্ঘ সময় ধরে সড়ক যোগাযোগ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। এই ঘটনায় যাত্রী ও যানবাহন চালকদের চরম দুর্ভোগের শিকার হতে হয়।
জাতীয় সড়ক অবরুদ্ধ হওয়ার খবর পাওয়ার পরেও শান্তিরবাজার মহকুমার ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম সময়মতো ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি বলে অভিযোগ উঠেছে। পরে বগাফা ফরেস্ট রেঞ্জের কর্মীরা ঘটনাস্থলে এলেও তাঁদের আনা যন্ত্রপাতির বেশিরভাগই অকেজো ছিল বলে স্থানীয়দের অভিযোগ। এতে উদ্ধারকাজে বিলম্ব হয় এবং প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ ছড়ায় সাধারণ মানুষের মধ্যে।
এছাড়াও, বন দফতরের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ নতুন করে সামনে এসেছে। স্থানীয়দের দাবি, দফতরের কিছু কর্মী দীর্ঘদিন ধরে বিভিন্ন আর্থিক অনিয়মে জড়িত এবং বনদস্যুদের সঙ্গে যোগসাজশ করে বনভূমি ধ্বংসের ঘটনাও ঘটছে। প্রয়োজনীয় যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণে অবহেলার ফলেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলেও অভিযোগ তোলা হয়েছে।
শেষ পর্যন্ত পরিস্থিতি সামাল দিতে শান্তিরবাজার দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে রাস্তায় পড়ে থাকা গাছ কেটে সরিয়ে জাতীয় সড়ক পুনরায় যান চলাচলের জন্য উন্মুক্ত করে। বর্তমানে এলাকায় স্বাভাবিক পরিস্থিতি ফেরাতে পুলিশ ও দমকল বাহিনী যৌথভাবে কাজ চালিয়ে যাচ্ছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ