
কলকাতা, ২৭ এপ্রিল (হি.স.): আরামবাগের তৃণমূল কংগ্রেস সাংসদ মিতালি বাগের উপর আক্রমণের ঘটনায় কড়া সমালোচনা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার দুপুরে আরামবাগে একটি রোড শো করেন অভিষেক। তার আগে আরামবাগ মেডিক্যাল কলেজে তাঁর সঙ্গে দেখা করতে যান। এর পরে রোড শো-এর পরে পথসভায় অভিষেক বলেন, যাঁরা এই ঘটনায় যুক্ত, ওই এলাকার সিসিটিভি ক্যামেরা দিয়ে বেছে বেছে বার করব। একটা এসসি মহিলা, তফসিলি মহিলার গায়ে যাঁরা হাত দিয়েছেন, ৪ তারিখে আমরা আরামবাগ জিতে যাই বা হেরে যাই… আমরা গতবার গোঘাট, খানাকুল, পুড়শুড়া, আরামবাগ হেরেছিলাম। আমাদের উদারতায় পার পেয়ে গিয়েছিল। এ বার আমি নিজে দায়িত্বে থাকব। ৪ তারিখ বেলা ১২টার পরে কোন জল্লাদের কত ক্ষমতা, কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে আমি দেখব। এদিন আক্রান্ত আরামবাগের সাংসদ মিতালি বাগকে আরামবাগ মেডিক্যাল কলেজ হাসপাতালে দেখতেও যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাংসদকে হাসপাতালে দেখে অভিষেক রোড শো থেকে বলেন, মিতালিকে আক্রমণ করে ওরা যখন খেলা শুরু করেছে, শেষটা আমি করব।
উল্লেখ্য, সোমবার মিতালি যাচ্ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় যোগ দিতে। সেই সময় তাঁর গাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ। সমাজ মাধ্যমে লাইভ স্ট্রিমিং করে সেই হামলার ঘটনার কথা জানিয়েছেন মিতালি। তাঁর দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচিতে যাওয়ার জন্য বাড়ি থেকে গাড়ি নিয়ে আরামবাগের উদ্দেশে রওনা হয়েছিলেন। সেই সময় গোঘাটে বিজেপির দুষ্কৃতীরা তাঁর গাড়ির উপর হামলা চালায় বলে অভিযোগ। তৃণমূল সাংসদ প্রায় কাঁদো কাঁদো স্বরে বলেন, ‘‘দেখুন কী ভাবে বিজেপির দুষ্কৃতীরা গাড়ি ভাঙচুর করেছেন। এখনও ভোট শুরু হয়নি। দেখুন এক জন মহিলার কী ভাবে কণ্ঠরোধ করা হচ্ছে।’’
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ