নবদ্বীপে শ্রাবন্তীর মেগা রোড শো ঘিরে জনজোয়ার, তৃণমূল প্রার্থী পুণ্ডরীকাক্ষর সমর্থনে উৎসবের আবহ
​নদীয়া, ২৭ এপ্রিল (হি. স.): ভোট বড় বালাই—সোমবার নবদ্বীপে শাসক দলের নির্বাচনী প্রচারের ছবিটা যেন সেই প্রবাদকেই ফের সত্যি প্রমাণ করল। শ্রীচৈতন্যধামে ভোটের প্রাক্কালে তৃণমূল কংগ্রেসের প্রচারের মঞ্চ কার্যত এক বিশাল জনউৎসবে রূপ নিল। অভিনেত্রী শ্রাবন্তী
নবদ্বীপে ভোটের প্রচারে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়


​নদীয়া, ২৭ এপ্রিল (হি. স.): ভোট বড় বালাই—সোমবার নবদ্বীপে শাসক দলের নির্বাচনী প্রচারের ছবিটা যেন সেই প্রবাদকেই ফের সত্যি প্রমাণ করল। শ্রীচৈতন্যধামে ভোটের প্রাক্কালে তৃণমূল কংগ্রেসের প্রচারের মঞ্চ কার্যত এক বিশাল জনউৎসবে রূপ নিল। অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে এই রোড শো ঘিরে এমন এক উন্মাদনা তৈরি হয়, যা রাজনৈতিক কর্মসূচিকে ছাপিয়ে একপ্রকার জনসমাবেশে পরিণত হয়েছিল।

​সকাল গড়াতেই নবদ্বীপ শহরের বিভিন্ন প্রান্তে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। প্রধান সড়ক থেকে অলিগলি—সর্বত্রই ছিল মানুষের ভিড়। তৃণমূল প্রার্থী পুণ্ডরীকাক্ষ সাহার সমর্থনে ফুলে সাজানো হুডখোলা গাড়িতে চেপে এদিন রোড শো করেন শ্রাবন্তী। তাঁকে এক ঝলক দেখার জন্য রাস্তার দু’ধারে জমায়েত হন হাজার হাজার মানুষ।

​এদিনের কর্মসূচিতে বিশেষভাবে নজর কেড়েছে মহিলাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি। বাড়ির ছাদ ও বারান্দা থেকেও অনেককে হাত নেড়ে প্রিয় তারকাকে অভিবাদন জানাতে দেখা যায়। ভিড়ের মধ্যে মোবাইল ফোনে ছবি ও ভিডিও তোলার হিড়িক ছিল চোখে পড়ার মতো। প্রত্যক্ষদর্শীদের মতে, গোটা এলাকাজুড়ে যেন এক মেলার পরিবেশ তৈরি হয়েছিল।

​প্রচারের মাঝেই একাধিকবার গাড়ি থামিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে দেখা যায় শ্রাবন্তীকে। তাঁর এই সহজ জনসংযোগ স্থানীয়দের মধ্যে আলাদা সাড়া ফেলেছে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। রোড শো-তে প্রার্থী পুণ্ডরীকাক্ষ সাহাসহ স্থানীয় নেতৃত্ব উপস্থিত ছিলেন। তাঁরা রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন।

​রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের শেষলগ্নে ভোটারদের সঙ্গে এই ধরনের আবেগের সংযোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নবদ্বীপে এদিনের বিপুল জনসমাগম নির্বাচনী লড়াইয়ে এক নতুন মাত্রা যোগ করল। এখন দেখার, এই উপচে পড়া ভিড় শেষ পর্যন্ত ভোটবাক্সে কতটা প্রতিফলিত হয়। তবে চূড়ান্ত ফলাফলের জন্য আগামী ৪ জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande