
উত্তর ২৪ পরগনা, ২৭ এপ্রিল (হি.স.): রাজ্যে দ্বিতীয় দফার ভোটের আগে উত্তর ২৪ পরগনার হাবরায় একটি স্কুল সংলগ্ন এলাকা থেকে উদ্ধার হলো তাজা বোমা। ঘটনায় তীব্র আতঙ্ক ছড়ায়। ব্যাপক চাঞ্চল্যও ছড়িয়েছে এলাকায়। জানা গেছে, হাবরা বিধানসভার অন্তর্গত দক্ষিণ সরাই নিম্ন বুনিয়াদী বিদ্যালয় সংলগ্ন এলাকায় বোমা উদ্ধার হয়। বোমাগুলির পাশেই বালি ভর্তি আরও দুটি বস্তা পড়ে থাকতে দেখা যায়। ওই বস্তাগুলির ভিতরেও বোমা রয়েছে কিনা, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে প্রথমে স্থানীয় বাসিন্দাদের নজরে আসে সন্দেহজনক বস্তুগুলি। এরপরই তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পরিস্থিতির গুরুত্ব বুঝে গোটা এলাকা ঘিরে ফেলা হয় এবং বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য বোমা নিষ্ক্রিয়কারী দলকে খবর দেওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বোমা মজুতের ঘটনায় তৃণমূল কংগ্রেস ও বিজেপি একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে। যদিও এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ