
হুগলি, ২৭ এপ্রিল (হি.স.): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রচারের শেষ লগ্নে ধনেখালিতে ঝোড়ো ইনিংস খেললেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সোমবার হুগলির ধনেখালি বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীদের সমর্থনে আয়োজিত এক জনসভায় যোগ দিয়ে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেন তিনি।
সভামঞ্চ থেকে পশ্চিমবঙ্গের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কড়া সমালোচনা করেন যোগী আদিত্যনাথ। তিনি অভিযোগ তুলে বলেন, রাজ্যে আইনের শাসন ভেঙে পড়েছে এবং সাধারণ মানুষ প্রতিনিয়ত নিরাপত্তাহীনতায় ভুগছেন। পশ্চিমবঙ্গের কৃষকদের দুরবস্থার কথা উল্লেখ করে তিনি দাবি করেন যে, সরকারি উদাসীনতার কারণে এ রাজ্যের কৃষকরা ন্যায্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত এবং তাঁদের আর্থিক অবস্থা ক্রমশ শোচনীয় হয়ে পড়ছে।
উত্তরপ্রদেশের মডেল তুলে ধরে তিনি বলেন, ২০১৭ সালে উত্তরপ্রদেশে বিজেপি সরকার আসার পর থেকে সেখানে দাঙ্গা ও হিংসার ঘটনা এখন অতীত। সেখানে শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠিত হয়েছে। তিনি আরও যোগ করেন, পশ্চিমবঙ্গে যদি বিজেপি সরকার গঠিত হয়, তবে এই রাজ্যেও হিংসার সংস্কৃতি বন্ধ হবে এবং উত্তরপ্রদেশের মতো কঠোরভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো হবে।
নির্বাচনের দোরগোড়ায় দাঁড়িয়ে যোগী আদিত্যনাথের এই হেভিওয়েট জনসভা ঘিরে ধনেখালি তথা পার্শ্ববর্তী এলাকায় রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে পৌঁছেছে। বিজেপির এই শেষ মুহূর্তের প্রচার ভোটারদের মনে কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA