
কলকাতা, ২৭ এপ্রিল (হি. স.) : নির্বাচনী প্রচারের শেষ দিনে কলকাতার চেতলা এলাকায় পথযাত্রা করে ভবানীপুর কেন্দ্রের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে প্রচার করলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। সোমবার চেতলার ৮২ নম্বর ওয়ার্ড অফিসের সামনে থেকে এই পথযাত্রা শুরু হয়।পথযাত্রায় অংশ নিয়ে ফিরহাদ হাকিম চেতলার বিভিন্ন অঞ্চল ঘুরে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করেন এবং প্রার্থীর পক্ষে ভোটের আবেদন জানান। দলীয় কর্মী-সমর্থকদের উপস্থিতিতে এলাকা জুড়ে স্লোগান ও প্রচারে সরগরম পরিবেশ তৈরি হয়। শেষ মুহূর্তে ভোটারদের কাছে পৌঁছতেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।অন্যদিকে, জগদ্দলের সাম্প্রতিক বোমাবাজি ও গুলি চালনার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে ফিরহাদ হাকিম অভিযোগ করেন, এই ধরনের সহিংসতা তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি নয়। তার দাবি, বাইরে থেকে লোক এনে বিজেপি এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। তিনি সকল ভোটারকে শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার আহ্বান জানান এবং বলেন, তৃণমূল কংগ্রেসের সমর্থকেরা শান্তিপ্রিয়।পুরো কর্মসূচি ঘিরে এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা ছিল এবং পুলিশের নজরদারি ছিল চোখে পড়ার মতো।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়