
শ্যামপুর, ২৭ এপ্রিল (হি. স.):-শ্যামপুরের স্বাস্থ্য পরিষেবা নিয়ে বিজেপি প্রার্থী ডঃ হিরন্ময় চট্টোপাধ্যায়ের অভিযোগ ঘিরে রাজনৈতিক বিতর্ক তীব্র হল। তাঁর মন্তব্যের পাল্টা জবাব দিতে সোমবার সাংবাদিক সম্মেলন করেন শ্যামপুর ২ নম্বর পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের কর্মাধ্যক্ষ দীপক দাস।সম্প্রতি এক জনসভায় বিজেপি প্রার্থী অভিযোগ করেন, শ্যামপুরের অধিকাংশ নার্সিংহোমের মালিক উলুবেরিয়ায় ব্যবসা করেন, ফলে শ্যামপুরের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি হয়নি। এই মন্তব্যকে ভিত্তিহীন বলে দাবি করেন দীপক দাস। তিনি বলেন, ডঃ চট্টোপাধ্যায় শ্যামপুরের স্বাস্থ্য পরিকাঠামো সম্পর্কে সঠিক ধারণা না রেখেই ভুল তথ্য দিচ্ছেন।তিনি আরও জানান, উলুবেড়িয়া শরৎ চন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতাল চালু হওয়ার পর এলাকায় স্বাস্থ্য পরিষেবার প্রসার ঘটেছে এবং তার ফলে কয়েকটি বেসরকারি নার্সিংহোমও গড়ে উঠেছে। তবে শ্যামপুরের মাত্র চারজন ব্যক্তি এই পরিষেবার সঙ্গে যুক্ত বলে দাবি করেন তিনি।দীপক দাসের কথায়, শ্যামপুরের ঝুমঝুমি হাসপাতালে সিজারিয়ান অপারেশন চালু হয়েছে তাঁর দায়িত্বকালেই, যা স্বাস্থ্য পরিষেবার উন্নতিরই প্রমাণ। বিজেপি প্রার্থীর অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেও তিনি মন্তব্য করেন।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়