
আরামবাগ, ২৭ এপ্রিল (হি.স): রাজ্যের ১৪২টি বিধানসভা আসনে শেষ দিনের প্রচারকে কেন্দ্র করে চরম উত্তেজনার আবহে রণক্ষেত্রে পরিণত হলো হুগলির গোঘাট। অভিযোগ, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) প্রার্থীর সমর্থনে আয়োজিত বাইক মিছিল ওপর আচমকা ইটবৃষ্টি, জলভর্তি বোতল নিক্ষেপ থেকে শুরু করে পেট্রোল বোমা ও আগ্নেয়াস্ত্র ব্যবহার করে হামলা চালানো হয়েছে। এই ঘটনায় প্রার্থীসহ বহু কর্মী জখম হওয়ার পাশাপাশি এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বিজেপি সূত্রে জানা গিয়েছে, গোঘাট বিধানসভার বিজেপি প্রার্থী প্রশান্ত দিগারের নেতৃত্বে শেষ দিনের প্রচার উপলক্ষে একটি বিশাল বাইক মিছিলের আয়োজন করা হয়েছিল। দলের দাবি, নির্বাচন কমিশনের বিধিনিষেধ মেনে এবং প্রয়োজনীয় অনুমতি নিয়েই কাঁটালি এলাকা থেকে এই মিছিল শুরু হয়। অভিযোগ, মিছিল যখন শ্যাওড়া গ্রাম পঞ্চায়েতের বর্মা গ্রামে প্রবেশ করে, ঠিক সেই সময় আচমকাই আক্রমণ শুরু হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, চারদিক থেকে ইট ও পাথর ছোড়ার পাশাপাশি জলভর্তি বোতল ও পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। মুহূর্তের মধ্যে গোটা এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
ইটের আঘাতে গুরুতর জখম হয়েছেন খোদ বিজেপি প্রার্থী প্রশান্ত দিগার। বিজেপির দাবি, অন্তত ২০ জন কর্মী গুরুতরভাবে আহত হয়েছেন এবং তাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। একই সঙ্গে দলের তিনজন কর্মী এখনও নিখোঁজ বলে দাবি করা হয়েছে, যা ঘিরে উদ্বেগ আরও বেড়েছে। ঘটনার খবর পেয়েই এলাকায় পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে দীর্ঘক্ষণ বেগ পেতে হয়। দুই পক্ষকে সরিয়ে দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালানো হয়।
এই হামলার পিছনে তৃণমূল কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতী এবং কিছু উগ্র গোষ্ঠী রয়েছে বলে সরাসরি অভিযোগ তুলেছে বিজেপি। যদিও এই বিষয়ে তৃণমূলের তরফে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই ঘটনাস্থল থেকে চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গোটা এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং অতিরিক্ত বাহিনী টহল দিচ্ছে। কীভাবে এই হামলা সংগঠিত হলো এবং কারা এর নেপথ্যে রয়েছে, তা খতিয়ে দেখতে বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ। ভোটের শেষ মুহূর্তে এই রক্তাক্ত সংঘর্ষ গোটা জেলার রাজনৈতিক পরিবেশকে আরও অস্থির করে তুলেছে। এখন দেখার, প্রশাসন দোষীদের বিরুদ্ধে কত দ্রুত কঠোর ব্যবস্থা গ্রহণ করে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA