
ঝাড়গ্রাম, ২৭ এপ্রিল (হি.স.): তীব্র দাবদাহে নাজেহাল অবস্থা জঙ্গলমহলের। এই পরিস্থিতিতে স্কুলপড়ুয়াদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে পঠনপাঠনের সময়সূচি পরিবর্তনের দাবি জোরালো হচ্ছে। প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়গুলোতে দুপুরের পরিবর্তে সকালবেলা ক্লাস চালুর দাবিতে রাজ্য প্রশাসনের দ্বারস্থ হয়েছে ‘জঙ্গলমহল স্বরাজ মোর্চা’।
সোমবার ই-মেলের মাধ্যমে রাজ্যের মুখ্যসচিব এবং স্কুল শিক্ষা দফতরের অতিরিক্ত মুখ্যসচিবের কাছে এই মর্মে একটি স্মারকলিপি পাঠিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অশোক মাহাতো। তাঁর বক্তব্য, লাগাতার তাপপ্রবাহের কারণে শিশুদের মধ্যে ডিহাইড্রেশন ও হিট স্ট্রোকসহ নানা শারীরিক সমস্যার ঝুঁকি বাড়ছে। দিনের তুলনামূলক শীতল সময়ে ক্লাস হলে পড়ুয়ারা অনেক বেশি নিরাপদ থাকবে এবং শিক্ষার পরিবেশও স্বাভাবিক থাকবে। অন্যান্য বেশ কিছু রাজ্যে ইতিমধ্যেই এই ব্যবস্থা কার্যকর করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
প্রচণ্ড গরমের প্রভাবে স্কুলগুলোতে পড়ুয়াদের উপস্থিতিও আশঙ্কাজনকভাবে কমেছে বলে জানাচ্ছেন শিক্ষকদের একাংশ। ঝাড়গ্রামের জঙ্গলখাস ইংলিশ মিডিয়াম প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক সুদীপ্ত নায়েক বলেন, “যেভাবে তাপমাত্রা বাড়ছে, তাতে ছোট ছোট ছেলেমেয়েদের পক্ষে দীর্ঘক্ষণ স্কুলে থাকা অত্যন্ত কষ্টকর হয়ে পড়ছে। দ্রুত সময় পরিবর্তন না করলে ক্লাস চলাকালীন পড়ুয়ারা অসুস্থ হয়ে পড়ার প্রবল আশঙ্কা রয়েছে।”
তবে সময় পরিবর্তনের বিষয়ে প্রশাসনিক স্তরে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক অজয় মহাপাত্র জানান, বিষয়টি নিয়ে উচ্চপর্যায়ে আলোচনা চলছে। পরিস্থিতি খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া হতে পারে।
এদিকে অভিভাবকদের মধ্যেও উদ্বেগ বাড়ছে। তাঁদের দাবি, পড়াশোনার পাশাপাশি সন্তানদের জীবনের নিরাপত্তাও সমান গুরুত্বপূর্ণ। তাই আবহাওয়া আরও চরম রূপ নেওয়ার আগেই দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে জেলাজুড়ে।
হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো