
অন্ডাল, ২৭ এপ্রিল (হি. স.):- অন্ডাল গ্রামের ঘোষপাড়া এলাকায় সোমবার ভোরে পুকুর থেকে এক নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। মৃতের নাম রবি ঘোষ (৩৫)। তিনি বিধাননগর এলাকার বাসিন্দা এবং অন্ডালে শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছিলেন বলে জানা গেছে।স্থানীয় সূত্রে খবর, রবিবার দুপুর থেকে রবি ঘোষ নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা তাঁকে খুঁজে না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। সোমবার ভোর প্রায় ৫টা নাগাদ মুছবাঁধ পুকুরের ধারে কিছু স্থানীয় বাসিন্দা জলে একটি দেহ ভাসতে দেখেন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় অন্ডাল থানায়।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। স্থানীয়দের সহযোগিতায় পুকুর থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। পরে পরিবারের সদস্যরা দেহটি শনাক্ত করেন।প্রাথমিকভাবে জানা যাচ্ছে, রবি ঘোষ প্রায়ই মদ্যপ অবস্থায় থাকতেন এবং ঘটনার দিনও তিনি মদ্যপ অবস্থায় পুকুরে স্নান করতে নেমেছিলেন। অনুমান করা হচ্ছে, অসাবধানতাবশত গভীর জলে তলিয়ে গিয়ে তাঁর মৃত্যু হয়েছে। তবে অন্য কোনো কারণ রয়েছে কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ।ইতিমধ্যেই মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়