গয়েশপুরে প্রথমবার ভোটদানের আগেই পরিযায়ী শ্রমিকের রহস্যমৃত্যু
নদিয়া, ২৭ এপ্রিল (হি. স.) : রাজ্যে আবারও এক পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পূর্বস্থলীর ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার নদিয়া জেলার গয়েশপুরে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হলো। মৃত যুবকের নাম অনিকেত দে (২০), যিন
গয়েশপুরে প্রথমবার ভোটদানের আগেই পরিযায়ী শ্রমিকের রহস্যমৃত্যু


নদিয়া, ২৭ এপ্রিল (হি. স.) : রাজ্যে আবারও এক পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পূর্বস্থলীর ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার নদিয়া জেলার গয়েশপুরে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হলো। মৃত যুবকের নাম অনিকেত দে (২০), যিনি হুগলি জেলার মগরা এলাকার বাসিন্দা ছিলেন। কর্মসূত্রে বেঙ্গালুরুতে থাকলেও আসন্ন নির্বাচনে ভোট দেওয়ার জন্য তিনি সম্প্রতি রাজ্যে ফেরেন এবং গয়েশপুরে মামাবাড়িতে থাকছিলেন।

শ্রমিকের পরিবার সূত্রে জানা গিয়েছে, অনিকেত এবারই প্রথম ভোট দেওয়ার জন্য অত্যন্ত উৎসাহী ছিলেন এবং সেই উদ্দেশ্যেই ভিন রাজ্য থেকে বাড়ি ফিরেছিলেন। পরিবারের দাবি, রবিবার রাতে বন্ধুদের সঙ্গে মদ্যপান করে বাড়ি ফেরার পর সদস্যদের সঙ্গে তাঁর কিছুটা কথা কাটাকাটি হয়। এরপর তিনি রাগের মাথায় ঘর থেকে বেরিয়ে যান। সোমবার সকালে বাড়ির পেছনের দিক থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়।

খবর পেয়ে কল্যাণী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে কল্যাণীর জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। উল্লেখ্য যে, গত শনিবার পূর্বস্থলীতেও এক পরিযায়ী শ্রমিকের রহস্যময় মৃত্যু হয়েছিল, যার দেহ মাঠের ভেতর ক্ষতবিক্ষত অবস্থায় পাওয়া যায়। পরপর দুটি এই ধরনের ঘটনায় এলাকায় উদ্বেগ বাড়ছে এবং পুলিশ ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande