
পাথারকান্দি (অসম), ২৭ এপ্রিল (হি.স.) : প্রায় ৬০ ঘণ্টা অতিক্রান্ত, বিদ্যুৎ-বিচ্ছিন্ন শ্রীভূমি জেলান্তর্গত পাথারকান্দি বিধানসভা এলাকার বিস্তীর্ণ অঞ্চল। বিদ্যুৎ না থাকায় চরম দুর্ভোগে দিন কাটাতে হচ্ছে পাথারকান্দি, বৃহত্তর লোয়াইরপোয়া এলাকার মানুষজনকে।
শনিবার বিকালে কালবৈশাখী তাণ্ডবের দুদিন অতিক্রান্ত হলেও ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ পরিবাহী লাইন মেরামত করা হয়নি। ঝড়ে বহু স্থানে বিদ্যুতের খুঁটি হেলে পরেছে, বিদ্যুৎ পরিবাহী তারের ওপর গাছ ভেঙে পরায় এই প্রতিকূল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এমতাবস্থায় দুদিন ধরে বিদ্যুৎবিহীন পাথারকান্দি ও লোয়াইরপোয়া এলাকা।
ভুক্তভোগী মানুষ জানান, বিদ্যুৎ না থাকায় মোবাইল বন্ধ হয়ে গেছে। ফ্রিজে রাখা মাছ, মাংস ও অন্যান্য কাঁচামাল (সবজি) নষ্ট হচ্ছে। আগে বিদ্যুৎ না থাকলে টাকার বিনিময়ে জেনারেটর দিয়ে ফোনে চার্জ দিতে পারতেন। এদিকে অনেকের বাড়ির ইনভার্টারেরও চার্জ শেষ হয়ে গেছে। এক কথায় গোটা এলাকা অন্ধকার ডুবে আছে। যার দরুন মানুষকে এখন সবদিক দিয়েই অন্ধকার সময় পার করতে হচ্ছে।
কোনদিন, কখন বিদ্যুৎ আসবে, বিদ্যুৎ কার্যালয়ের আধিকারিকরা জানাতে পারছেন না। লোয়াইরপোয়া বিদ্যুৎ কার্যালয়ের এসডিই জানান, আমাদের কার্যালয়ে স্টাফ পর্যাপ্ত আছেন। দিনরাত কাজ করে আমরা গ্রাহকদের পরিষেবা দেওয়ার চেষ্টা করছি। কিন্তু প্রকৃতির কাছে আমরা হেরে যাচ্ছি। একদিকে ঠিক করা হয়, তো-ফোন আসে অন্য এলাকার মেইন লাইন সহ বিদ্যুতের খুঁটি পর্যন্ত মাটিতে শুয়ে গেছে। তবে তাঁর এই অজুহাতে ভুক্তভোগী মানুষ সন্তুষ্ট হতে পারছেন না।
হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস