
কৃষ্ণনগর, ২৭ এপ্রিল (হি. স.): মুর্শিদাবাদের জঙ্গিপুরের প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব রসিক পণ্ডিত ‘দাদাঠাকুর’-এর জন্ম ও মৃত্যুদিন একই তারিখে—২৭ এপ্রিল। ডা. বিধানচন্দ্র রায়ের জীবনের মতো এমন বিরল সমাপতনের দিনে এই বিশেষ ব্যক্তিত্বকে শ্রদ্ধা জানাতে সোমবার কৃষ্ণনগরের ‘কথাশিল্প’-র উদ্যোগে শক্তিনগরের মহালাকক্ষে এক স্মরণসভার আয়োজন করা হয়।
খালি পা, খালি গা আর খাটো ধুতি—এমন অতি সাধারণ জীবনযাপনের মধ্য দিয়েই বাংলা সাহিত্যে ও সমাজে নিজের এক স্বতন্ত্র পরিচয় গড়ে তুলেছিলেন দাদাঠাকুর। অনুষ্ঠানে তাঁর বহুমুখী জীবন, তীক্ষ্ণ রসবোধ এবং তাৎক্ষণিক ছড়া কেটে সমাজের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার বিরল ক্ষমতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন ‘কথাশিল্প’-র পরিচালক পীতম ভট্টাচার্য।
আলোচনায় উঠে আসে কীভাবে তিনি জঙ্গিপুর থেকে ‘জঙ্গিপুর সংবাদ’ ও ‘বিদূষক’ নামে দুটি পত্রিকা প্রকাশ করে কলকাতার রাস্তায় ঘুরে ঘুরে ফেরি করতেন। পাশাপাশি, আকাশবাণীর সঙ্গে তাঁর দীর্ঘ ও নিবিড় যোগসূত্রের প্রসঙ্গটিও বক্তারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে উল্লেখ করেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল সাংস্কৃতিক নিবেদন। কথাশিল্পর ছাত্রছাত্রীরা দাদাঠাকুরকে উৎসর্গ করে সমকালীন কবিদের কবিতা আবৃত্তি করে। তাদের নিপুণ পরিবেশনায় মঞ্চে দাদাঠাকুরের রসবোধ ও সামাজিক সচেতনতার প্রতিচ্ছবি ফুটে ওঠে। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, কথাশিল্প নিয়মিতভাবে বিস্মৃতপ্রায় সাহিত্যিক ও সংস্কৃতিসেবীদের শ্রদ্ধা জানিয়ে আসছে। এ দিনের অনুষ্ঠান ছিল সেই ধারাবাহিকতারই অংশ, যার মূল উদ্দেশ্য হলো ইতিহাসের পাতায় আড়ালে চলে যাওয়া কৃতি মানুষদের নতুন প্রজন্মের সামনে পরিচিত করানো।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত