
ভাটপাড়া, ২৭ এপ্রিল (হি.স.): জগদ্দলে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের মধ্যে অশান্তির ঘটনায় চার জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন জগদ্দল পুরসভার তৃণমূল কাউন্সিলর গোপাল রাউতও। পুলিশ সূত্রে খবর, রবিবার রাত থেকে জগদ্দল, ভাটপাড়া এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করা হয়। তবে অনেক অভিযুক্তের এখনও সন্ধান পাওয়া যায়নি বলে ওই সূত্রের দাবি। এই আবহে সোমবার সকালেই অভিযুক্তদের খুঁজে বার করে দ্রুত গ্রেফতার করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
গন্ডগোলের সূত্রপাত হয় আটচলা বাগানে। ওই এলাকায় সন্ধ্যায় দুই দলের সংঘর্ষের খবর পেয়ে কেন্দ্রীয় বাহিনী এবং র্যাফ নামে। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ জানাতে জগদ্দল থানায় নোয়াপাড়ার বিজেপি প্রার্থী তথা ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংকে নিয়ে উপস্থিত হন প্রাক্তন আইপিএস অফিসার তথা বিজেপি প্রার্থী রাজেশ কুমার। বিজেপির অভিযোগ, সেখানেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের উপর হামলা চালিয়েছে। তাঁদের উপর ইটবৃষ্টি করা হয় বলে অভিযোগ করেন অর্জুন। উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ