
আইজল, ২৭ এপ্রিল (হি.স.) : মিজোরামের আইজল পৌরনিগম (আইজল পৌর কর্পোরেশন, সংক্ষেপে এএমসি) নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে রাজ্যের শাসকদল জোরাম পিপলস মুভমেন্ট (জেডপিএম)। গত ২১ এপ্রিল ১৯ আসনের পৌরনিগম নির্বাচনের ভোটগ্রহণ হয়েছিল। আজ ভোটগণনায় ১৭টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে জোরাম পিপলস মুভমেন্ট।
আইজল ডেপুটি কমিশনারের কার্যালয়ে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে ভোটগণনা পর্ব। ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে মিজোরাম রাজ্য নির্বাচন কমিশন।
প্রধান বিরোধী দল মিজো ন্যাশনাল ফ্রন্ট (এমএনএফ) ২০২১ সালের এএমসি নির্বাচনে ১১টি আসনে জিতেছিল। এবার মাত্র একটি ওয়ার্ডে জয়ী হয়েছে এমএনএফ। এছাড়া ভারতীয় জাতীয় কংগ্রেসও একটি আসন পেয়েছে। অন্যদিকে, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ১১টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। একটি আসনেও বিজয়ী হতে পারেনি।
জেডপিএম, এমএনএফ এবং কংগ্রেস, এই তিনটি প্রধান দলই ১৯টি ওয়ার্ডের সবকটিতে প্রার্থী দিয়েছিল। উল্লেখযোগ্যভাবে মহিলাদের জন্য সংরক্ষিত ছয়টি আসনেই জেডপিএম প্রার্থীরা জয়ী করেছেন। এতে দলের আধিপত্যকে আরও মজবুত করেছে বলে মনে করা হচ্ছে।
মিজোরাম পৌর আইন, ২০০৭-এর অধীনে ২০১০ সালে গঠিত আইজল পৌর নিগমে মোট ১৯টি ওয়ার্ড রয়েছে। অতীতে ২০১০ সালের প্রথম নির্বাচনে কংগ্রেস জয়ী হয়েছিল। পরবর্তীতে ২০১৫ এবং ২০২১ সালের নির্বাচনে এমএনএফ জয়লাভ করেছিল।
এ বছর ২০২৬-এর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন মোট ৬৮ জন প্রার্থী। তাঁদের মধ্যে ২৮ জন মহিলা। গত ২১ এপ্রিল অনুষ্ঠিত ভোট পর্বে প্রায় ২.৩৯ লক্ষ ভোটারের মধ্যে ৬২.৭৭ শতাংশ ভোট পড়েছিল।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস