
হুগলি, ২৭ এপ্রিল (হি.স.): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-এর দ্বিতীয় দফার ভোটের আগে শেষ মুহূর্তের প্রচারে উত্তাল হয়ে উঠল চন্দননগর। সোমবার এই বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী দীপাঞ্জন গুহর সমর্থনে এক বিশাল রোড শো করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নির্বাচনের দোরগোড়ায় দাঁড়িয়ে হাই-ভোল্টেজ এই প্রচারকে ঘিরে চন্দননগরে রাজনৈতিক উত্তাপ চরমে পৌঁছেছে।
আগামী ২৯ এপ্রিল রাজ্যের ১৪২টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সেই উপলক্ষ্যেই এদিন প্রচারের শেষ লগ্নে চন্দননগরের রাজপথে শক্তি প্রদর্শন করল গেরুয়া শিবির। চন্দননগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে এই বর্ণাঢ্য রোড শো। রাস্তার দু’ধারে হাজার হাজার মানুষের ভিড় এবং দলীয় কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।
রোড শো চলাকালীন জনতার উদ্দেশে শাহ দাবি করেন, “আগামী ৪ মে রাজ্যে বিজেপি সরকার গঠন হবে।” তিনি আরও জানান যে, বাংলার মানুষ পরিবর্তনের জন্য প্রস্তুত এবং নির্বাচনে বিজেপির জয় সুনিশ্চিত।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, দ্বিতীয় দফার ভোটের ঠিক আগে অমিত শাহের এই উপস্থিতি চন্দননগর তথা হুগলি জেলার নির্বাচনী সমীকরণে বিশেষ প্রভাব ফেলতে পারে। একদিকে শাসক দলের কড়া টক্কর, অন্যদিকে শেষ মুহূর্তের এই হেভিওয়েট প্রচার—সব মিলিয়ে ২৯ তারিখের চূড়ান্ত লড়াইয়ের দিকেই এখন তাকিয়ে রয়েছে হুগলির রাজনৈতিক মহল।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA