
আগরতলা, ২৭ এপ্রিল (হি. স.) : কাটাখালের পাড়ে বসবাসকারী পরিবারগুলির উচ্ছেদকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠল রাজধানী আগরতলার পরিস্থিতি। পুনর্বাসন ছাড়া উচ্ছেদ না করার দাবিতে এবার প্রশাসনের দ্বারস্থ হল সিপিআই(এম)-এর সদর মহকুমা কমিটি।
সোমবার এই দাবিকে সামনে রেখে সিপিআই(এম) প্রতিনিধিদল মহকুমা শাসকের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তাঁকে দফতরে না পেয়ে অতিরিক্ত মহকুমা শাসকের হাতে দাবি সনদ তুলে দেয়। দাবি সনদে স্পষ্টভাবে জানানো হয়, কাটাখালের পাড়ে দীর্ঘদিন ধরে বসবাসকারী গরিব ও নিম্নআয়ের পরিবারগুলিকে বিকল্প বাসস্থানের ব্যবস্থা না করে উচ্ছেদের প্রক্রিয়া চালানো হলে তা মানবিক বিপর্যয় ডেকে আনবে। তাই অবিলম্বে উচ্ছেদ প্রক্রিয়া স্থগিত রেখে উপযুক্ত পুনর্বাসনের উদ্যোগ নেওয়ার দাবি জানানো হয়।
উল্লেখ্য, প্রশাসনের পক্ষ থেকে কাটাখালের পাড়ে অবৈধভাবে বসবাসকারী পরিবারগুলিকে জায়গা খালি করার জন্য নোটিশ জারি করা হয়েছিল এবং রবিবার ছিল সেই নোটিশের শেষ সময়সীমা। এরই প্রতিবাদে রবিবার অভয়নগর ব্রিজ সংলগ্ন এলাকায় বাসিন্দারা রাস্তায় নেমে অবরোধ কর্মসূচি পালন করেন। তাঁদের দাবি ছিল—পুনর্বাসন ছাড়া উচ্ছেদ নয়।
এদিনের ডেপুটেশন কর্মসূচির মাধ্যমে সিপিআই(এম) নেতৃত্ব বাসিন্দাদের আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন জানায়। দলীয় নেতৃত্বের বক্তব্য, উন্নয়নের নামে গরিব মানুষের মাথার উপর থেকে ছাদ কেড়ে নেওয়া যায় না। প্রশাসনের উচিত মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে বিষয়টি বিবেচনা করা এবং পুনর্বাসনের সুনির্দিষ্ট পরিকল্পনা ঘোষণা করা।
অন্যদিকে, প্রশাসনের তরফে এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে পরিস্থিতি কোন দিকে গড়ায়, তা নিয়ে এলাকায় চরম উৎকণ্ঠা বিরাজ করছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ