
আগরতলা, ২৭ এপ্রিল (হি.স.) : রাজধানী আগরতলায় ট্রাফিক বিভাগের এক আধিকারিকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ট্রাফিক ইন্সপেক্টর মুক্তা ঘোষের বিরুদ্ধে বেআইনি অর্থ আদায় ও অসদাচরণের অভিযোগ তুলে সোমবার পূর্ব আগরতলা থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন অটোচালকরা। ভারতীয় মজদুর সংঘ (বিএমএস) অনুমোদিত ত্রিপুরা অটো রিক্সা ইলেক্ট্রনিক ইউনিয়নের পক্ষ থেকে এই ডেপুটেশন প্রদান করা হয়।
অভিযোগ অনুযায়ী, শহরের পুরনো মোটরস্ট্যান্ড এলাকায় দায়িত্বপ্রাপ্ত ওই ট্রাফিক ইন্সপেক্টর নিয়মিতভাবে অটোচালকদের উপর চাপ সৃষ্টি করছেন এবং বেআইনিভাবে জরিমানা আদায় করছেন। চালকদের দাবি, জরিমানা বাবদ তাঁদের কাছ থেকে দুই থেকে তিন হাজার টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে, অথচ সেই অর্থের কোনও সরকারি রসিদ দেওয়া হচ্ছে না।
এছাড়াও অভিযোগ উঠেছে, বিভিন্ন এলাকা থেকে যাত্রী নিয়ে মোটরস্ট্যান্ডে পৌঁছানোর পর যাত্রীদের নামার সুযোগ না দিয়েই অটোতে তালা ঝুলিয়ে দেওয়া হয়। পরে চালকদের অপেক্ষাকৃত নির্জন স্থানে নিয়ে গিয়ে মোটা অঙ্কের টাকা দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হয় বলেও অভিযোগ।
প্রতিবাদ জানাতে গেলে অটোতে লাগানো বিএমএস-এর স্টিকার ছিঁড়ে ফেলার অভিযোগও উঠেছে সংশ্লিষ্ট ট্রাফিক আধিকারিকের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন অটোচালকরা।
ডেপুটেশন প্রদানকালে বিএমএস-এর পশ্চিম জেলা প্রভারী লিটন পাল বলেন, “এই ধরনের অনৈতিক ও বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা জরুরি। অন্যথায় বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হব।”
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ