
আগরতলা, ২৭ এপ্রিল (হি.স.) : “প্রাণ গেলে প্রাণ যাবে, তবুও ৫০ বছরের ভিটেমাটি ছাড়ব না”—এই স্লোগানকে সামনে রেখেই আবারও উত্তপ্ত হয়ে উঠল রাজধানীর উজান অভয়নগর এলাকার কাটাখাল সংলগ্ন অঞ্চল। পুনর্বাসনের দাবিতে সোমবার সদর মহকুমা শাসকের দফতরে ডেপুটেশন দিতে গিয়ে ক্ষোভ উগরে দিলেন এলাকার বাসিন্দারা।
জানা গেছে, আগরতলা পুর নিগমের ১১ ও ১২ নম্বর ওয়ার্ডের অন্তর্গত উজান অভয়নগরের কাটাখাল পাড়ে বসবাসকারী পরিবারগুলি গত প্রায় পাঁচ দশক ধরে ওই এলাকায় বসবাস করে আসছেন। সম্প্রতি প্রশাসনের উচ্ছেদ অভিযানের সম্ভাবনাকে কেন্দ্র করে তাঁদের মধ্যে চরম উদ্বেগ তৈরি হয়েছে। এরই প্রতিবাদে রবিবার অভয়নগর ব্রিজে সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা।
অবরোধের জেরে যান চলাচল ব্যাহত হলে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত হস্তক্ষেপ করা হয়। আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসে মহকুমা প্রশাসনের কাছে তাঁদের দাবিদাওয়া তুলে ধরার আশ্বাস দেওয়া হলে অবরোধ প্রত্যাহার করেন তাঁরা।
সেই অনুযায়ী সোমবার একদল প্রতিনিধি সদর মহকুমা শাসকের দফতরে যান ডেপুটেশন দিতে। তবে ওই সময় সদর মহকুমা শাসক উপস্থিত না থাকায় তাঁরা অতিরিক্ত মহকুমা শাসকের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে তাঁরা পুনর্বাসনের সুস্পষ্ট রূপরেখা ছাড়া উচ্ছেদ না করার দাবিতে সরব হন।
ডেপুটেশন প্রদানকারীদের একজন জানান, “আমরা দীর্ঘ ৫০ বছর ধরে এখানে বসবাস করছি। প্রশাসনের উন্নয়নমূলক কাজের জন্য জমি প্রয়োজন হলে আমরা দিতে রাজি আছি। কিন্তু আমাদের মাথা গোঁজার ঠাঁই নিশ্চিত করতে হবে। পুনর্বাসন ছাড়া এক ইঞ্চি জমিও ছাড়ব না।” তিনি আরও বলেন, “আমরাও এই রাজ্যের নাগরিক। প্রয়োজনে প্রাণ দেব, তবুও পুনর্বাসন ছাড়া উচ্ছেদ মেনে নেব না।”
এদিকে অতিরিক্ত মহকুমা শাসক আন্দোলনকারীদের আশ্বস্ত করে জানান, বিষয়টি প্রশাসনের উচ্চপর্যায়ে বিবেচনা করা হবে। আপাতত উচ্ছেদ অভিযান স্থগিত রাখার কথাও জানানো হয়েছে বলে সূত্রের খবর।
তবে গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ক্রমেই উত্তেজনা বাড়ছে। স্থানীয় মহলে ইতিমধ্যেই রাজনৈতিক তরজার আবহ তৈরি হয়েছে বলে গুঞ্জন ছড়িয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল বিষয়টিকে ঘিরে নিজেদের অবস্থান স্পষ্ট করতে শুরু করেছে, যা আগামী দিনে বড় ধরনের আন্দোলনের রূপ নিতে পারে বলেও মনে করা হচ্ছে।
বর্তমানে পরিস্থিতি নজরে রেখেছে প্রশাসন। পুনর্বাসনের বিষয়টি কীভাবে সমাধান করা হয়, তার দিকেই তাকিয়ে রয়েছে উজান অভয়নগরের শতাধিক পরিবার।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ