জগন্নাথ বাড়ি এলাকায় ট্রান্সফর্মারে আগুন, দমকলের তৎপরতায় বড় বিপর্যয় থেকে রক্ষা
আগরতলা, ২৭ এপ্রিল (হি.স.) : রাজধানী আগরতলা শহরের ব্যস্ততম জগন্নাথ বাড়ি এলাকায় সোমবার দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও দমকলের তৎপরতায় বড়সড় বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে। বিদ্যুতের ট্রান্সফরমার থেকে আগুন লাগার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে। তব
ট্রান্সফর্মারে আগুন


আগরতলা, ২৭ এপ্রিল (হি.স.) : রাজধানী আগরতলা শহরের ব্যস্ততম জগন্নাথ বাড়ি এলাকায় সোমবার দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও দমকলের তৎপরতায় বড়সড় বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে। বিদ্যুতের ট্রান্সফরমার থেকে আগুন লাগার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে। তবে দ্রুত ব্যবস্থা নেওয়ায় একটি বিয়ে বাড়ি, জগন্নাথ মন্দির এবং আশপাশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলি রক্ষা পায়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জগন্নাথ বাড়ি মন্দিরের সামনের নেহেরু পার্কে অবস্থিত একটি বিদ্যুতের ট্রান্সফর্মার থেকে হঠাৎ করে আগুনের স্ফুলিঙ্গ দেখা যায় এবং মুহূর্তের মধ্যে কালো ধোঁয়া বের হতে শুরু করে। ট্রান্সফর্মারটির মাত্র প্রায় ১৫ হাত দূরেই একটি বিয়ে বাড়ি ছিল, যেখানে অনুষ্ঠানের প্রস্তুতি চলছিল। এর পাশেই রয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার রিজিওনাল অফিস এবং ঐতিহ্যবাহী রাজবাড়ি—ফলে পরিস্থিতি অত্যন্ত স্পর্শকাতর হয়ে ওঠে।

ঘটনাটি নজরে আসতেই স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে দমকল দফতরে খবর দেওয়া হয়। খবর পেয়ে দমকল বাহিনীর একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় এবং দক্ষতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনে। তাঁদের তৎপরতায় অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয় এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়।

দমকল কর্মীরা জানিয়েছেন, প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে বিদ্যুতের গোলযোগের কারণেই ট্রান্সফর্মারে আগুন লাগে। ট্রান্সফর্মারের নিচে জমে থাকা আবর্জনার স্তূপ আগুন ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়িয়ে দিয়েছিল বলেও তাঁরা উল্লেখ করেন। যদিও এই ঘটনায় কোনও প্রাণহানি বা উল্লেখযোগ্য সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়নি।

এদিকে এলাকাবাসীর অভিযোগ, রবিবার বিকেল থেকেই ট্রান্সফর্মারটিতে সমস্যা দেখা দিচ্ছিল। একাধিকবার বিকট শব্দের সঙ্গে ধোঁয়া নির্গত হলেও বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হয়নি বলে দাবি তাঁদের। স্থানীয়রা জানিয়েছেন, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগেই জানানো হয়েছিল, কিন্তু সময়মতো মেরামতির উদ্যোগ নেওয়া হয়নি।

এই ঘটনার পর এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। তাঁরা দ্রুত ট্রান্সফর্মারটি মেরামত ও এলাকায় নিয়মিত রক্ষণাবেক্ষণের দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের বিপজ্জনক পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande