
শান্তিরবাজার (ত্রিপুরা), ২৭ এপ্রিল (হি.স.) : দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজারে গ্যাস সিলিন্ডার ব্যবহারে অনিয়ম ও কালোবাজারির অভিযোগ ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, যেখানে সাধারণ মানুষকে রান্নার গ্যাসের জন্য দীর্ঘদিন অপেক্ষা করতে হচ্ছে, সেখানে শহরের একটি মিষ্টির কারখানায় বিপুল পরিমাণ ডোমেস্টিক গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হচ্ছে প্রকাশ্যে।
অভিযোগের কেন্দ্রে রয়েছে শান্তিরবাজারে অবস্থিত ‘সত্যনারায়ণ মিষ্টান্ন ভাণ্ডার’-এর কারখানা। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিন এই কারখানায় একাধিক ডোমেস্টিক গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হয়। শুধু তাই নয়, কারখানার বাইরে বহু গ্যাস সিলিন্ডার ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখা গেছে, যা নিয়ে এলাকায় প্রশ্ন উঠতে শুরু করেছে।
এলাকাবাসীর দাবি, ডোমেস্টিক গ্যাস সিলিন্ডার মূলত গৃহস্থালির ব্যবহারের জন্য বরাদ্দ। কিন্তু ব্যবসায়িক কাজে এভাবে সেগুলির ব্যবহার আইনবিরুদ্ধ। অভিযোগ উঠেছে, এই কারখানা থেকে প্রতিদিন বেশ কিছু গ্যাস সিলিন্ডার কালোবাজারে বিক্রি করা হচ্ছে। যদিও এই বিষয়ে কারখানা কর্তৃপক্ষের কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
প্রশ্ন উঠছে, এত বিপুল সংখ্যক গ্যাস সিলিন্ডার কীভাবে এবং কোথা থেকে সংগ্রহ করা হচ্ছে। যেখানে সাধারণ মানুষকে গ্যাস পেতে হিমশিম খেতে হচ্ছে, সেখানে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান কীভাবে নিয়মিত এত সিলিন্ডার ব্যবহার করছে, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।
ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনের ভূমিকাও এখন নজরে। স্থানীয়দের দাবি, বিষয়টি দ্রুত খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক এবং যদি কোনও অনিয়ম প্রমাণিত হয়, তবে দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হোক।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ