
আরামবাগ, ২৭ এপ্রিল (হি.স.): গোঘাটে নির্বাচনী প্রচার চলাকালীন বিজেপির র্যালিতে বাধা দান এবং একাধিক কর্মী আক্রান্ত হওয়ার অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল এলাকা। এই ঘটনার প্রতিবাদে সোমবার গোঘাট থানার সামনে বড়সড় বিক্ষোভ কর্মসূচি পালন করল ভারতীয় জনতা পার্টি। এই বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন গোঘাট বিধানসভার বিজেপি প্রার্থী প্রশান্ত দিগার এবং পুরশুড়া বিধানসভার বিজেপি প্রার্থী বিমান ঘোষ।
বিজেপি সূত্রে অভিযোগ করা হয়েছে যে, সম্প্রতি তাঁদের একটি বাইক মিছিল চলাকালীন শাসক দল তৃণমূল কংগ্রেসের সমর্থকরা তাতে বাধা সৃষ্টি করে এবং অতর্কিতে আক্রমণ চালায়। এই হামলায় বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। দলীয় সূত্রে জানা গিয়েছে, আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা করানো হয়েছে।
এই ঘটনার প্রতিবাদে এদিন গোঘাট থানার সামনে জড়ো হয়ে বিজেপি কর্মী-সমর্থকরা দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীরা অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবিতে স্লোগান তোলেন এবং পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ আনেন। তাঁদের দাবি, হামলার ঘটনা ঘটার পরেও প্রশাসন এখনও পর্যন্ত দোষীদের বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ গ্রহণ করেনি।
বিক্ষোভ মঞ্চ থেকে প্রার্থী প্রশান্ত দিগার হুঁশিয়ারি দিয়ে জানান, “আজ সন্ধ্যার মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করা না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবে বিজেপি।” একই সঙ্গে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বিমান ঘোষ বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের মৌলিক দায়িত্ব, কিন্তু এই ঘটনায় তা যথাযথভাবে পালন করা হয়নি।
যদিও বিজেপির এই অভিযোগের বিষয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং নতুন করে কোনো অশান্তি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA