
আরামবাগ, ২৭ এপ্রিল (হি.স.): আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রচারে জোর কদমে মাঠে নেমেছে ভারতীয় জনতা পার্টি। সেই প্রেক্ষিতেই খানাকুল বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুশান্ত ঘোষের সমর্থনে প্রচারে যোগ দিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সোমবার খানাকুল বিধানসভা এলাকার অনন্তনগর থেকে রামনগর পর্যন্ত এক বিশাল রোড শো অনুষ্ঠিত হয়।
এদিনের রোড শো ঘিরে সকাল থেকেই এলাকাজুড়ে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। অনন্তনগর থেকে শুরু হওয়া এই বর্ণাঢ্য মিছিলে কয়েকশ মোটরবাইক অংশ নেয়। রাস্তার দু’ধারে দাঁড়িয়ে সাধারণ মানুষ বিজেপি নেতৃত্বকে স্বাগত জানান। অনেক জায়গায় ফুল ছিটিয়ে এবং শঙ্খধ্বনি দিয়ে সুকান্ত মজুমদার ও সুশান্ত ঘোষকে অভ্যর্থনা জানানো হয়।
রোড শো চলাকালীন সুকান্ত মজুমদার রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে শাসক দলের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, রাজ্যে গণতন্ত্র বিপন্ন এবং সাধারণ মানুষের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে। তাই প্রকৃত পরিবর্তনের লক্ষ্যে তিনি মানুষকে বিজেপির পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তিনি দাবি করেন, খানাকুলে বিজেপি প্রার্থী সুশান্ত ঘোষের জয় নিশ্চিত করতে কর্মী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অন্যদিকে, প্রার্থী সুশান্ত ঘোষ জানান যে, এলাকার উন্নয়ন, কর্মসংস্থান এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির প্রতিশ্রুতি দিয়েই তিনি ভোটের ময়দানে লড়াই করছেন। সাধারণ মানুষের এই বিপুল সমর্থন তাঁকে জয়ের বিষয়ে অত্যন্ত আশাবাদী করে তুলেছে। সমগ্র রোড শো জুড়ে ছিল কড়া পুলিশি নিরাপত্তা ব্যবস্থা। নির্বাচনের দোরগোড়ায় বিজেপির এই শক্তি প্রদর্শন খানাকুলের রাজনৈতিক সমীকরণকে আরও চাঞ্চল্যকর করে তুলেছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA