
আগরতলা, ২৭ এপ্রিল (হি.স.) : আগামী ৩০ এপ্রিল ত্রিপুরা বিধানসভার একদিনের বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হবে। সোমবার বিধানসভার বিজনেস অ্যাডভাইজারি কমিটি (বিএসি)-র বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানান পরিষদীয় মন্ত্রী রতনলাল নাথ।
তিনি জানান, রাজ্যের ১৭ জন বিধায়ক-বিধায়িকার লিখিত আবেদনের ভিত্তিতেই বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া এই বিশেষ অধিবেশন আহ্বান করেছেন। অধিবেশনকে সামনে রেখে এদিন বিধানসভার কনফারেন্স হলে বিএসি বৈঠক অনুষ্ঠিত হয় এবং সেখানে একদিনের অধিবেশনের বিস্তারিত নির্ঘণ্ট নির্ধারণ করা হয়।
বৈঠকে অধ্যক্ষ রামপদ জমাতিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, পরিষদীয় মন্ত্রী রতনলাল নাথ, মন্ত্রী অনিমেষ দেববর্মা, বিরোধী দলনেতা জীতেন্দ্র চৌধুরী, মুখ্য সচেতক কল্যাণী সাহা রায় এবং কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায়-সহ অন্যান্য সদস্যরা।
পরিষদীয় মন্ত্রী জানান, বিধায়কদের দেওয়া চিঠিতে মূলত ভারতীয় নারীদের সাংবিধানিক অধিকার আরও শক্তিশালী ও সুরক্ষিত করার দাবি তোলা হয়েছে। একই সঙ্গে দেশের সব সংসদীয় রাজনৈতিক দলের মধ্যে এই বিষয়ে ঐক্যমত গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে। চিঠিতে কেন্দ্রীয় সরকারের কাছে ২০১১ সালের জনগণনার ভিত্তিতে সীমানা পুনর্নির্ধারণ দ্রুত শুরু করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি ‘নারী শক্তি বন্দন অধিনিয়ম’ নামে পরিচিত সংবিধানের ১৩১তম সংশোধনী বিল পুনর্বিবেচনার দাবিও উত্থাপন করা হয়েছে।
এদিন তিনি আরও জানান, সাধারণত রাজ্যপাল বিধানসভার অধিবেশন আহ্বান করেন। তবে বিধানসভা মুলতবি ঘোষণার পর বিশেষ পরিস্থিতিতে অধ্যক্ষ নিজেও অধিবেশন ডাকতে পারেন। সেই বিধান অনুযায়ীই এই বিশেষ অধিবেশন ডাকা হয়েছে।
উল্লেখ্য, এই অধিবেশনে উত্থাপিত বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা হবে। পাশাপাশি প্রয়াত প্রাক্তন মন্ত্রী কার্তিক কন্যা জমাতিয়া এবং দেশের প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলের প্রতি শ্রদ্ধা জানানো হবে বলেও জানানো হয়েছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ